শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬,

রমজানে কর্মঘণ্টা কমানোর ঘোষণা সংযুক্ত আরব আমিরাতের

দিনাজপুর টিভি ডেস্ক

ফেব্রুয়ারি ১৫, ২০২৬, ০৩:০২ পিএম

রমজানে কর্মঘণ্টা কমানোর ঘোষণা সংযুক্ত আরব আমিরাতের

রমজানে আমিরাতে অফিস সময় কমল

পবিত্র রমজান মাস উপলক্ষে সংযুক্ত আরব আমিরাত (ইউএই) তাদের সরকারি ও বেসরকারি উভয় খাতের কর্মীদের জন্য কর্মঘণ্টা কমানোর আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে। দেশটির মানবসম্পদ ও আমিরাতীকরণ মন্ত্রণালয় (MoHRE) জানিয়েছে, রমজান মাসে বেসরকারি খাতের কর্মীদের জন্য দৈনিক কাজের সময় ২ ঘণ্টা কমিয়ে আনা হবে। 

সাধারণত আমিরাতে বেসরকারি কর্মীরা প্রতিদিন ৮ থেকে ৯ ঘণ্টা কাজ করেন, যা রমজানে কমে ৬ থেকে ৭ ঘণ্টা হবে। এছাড়া প্রতিষ্ঠানগুলো তাদের কাজের ধরন অনুযায়ী কর্মীদের জন্য নমনীয় (ফ্লেক্সিবল) সময়সূচি বা বাসা থেকে কাজ করার (রিমোট ওয়ার্ক) সুবিধা দিতে পারবে।

সরকারি খাতের জন্য ফেডারেল অথরিটি ফর গভর্নমেন্ট হিউম্যান রিসোর্সেস (FAHR) পৃথক এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, সোমবার থেকে বৃহস্পতিবার অফিস সময় হবে সকাল ৯টা থেকে দুপুর ২টা ৩০ মিনিট পর্যন্ত এবং শুক্রবার সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত। 

জুমার নামাজের প্রস্তুতির সুবিধার্থে শুক্রবারের সময়সীমা আরও সংকুচিত করা হয়েছে। মন্ত্রণালয়ের নির্দেশনায় বলা হয়েছে, নির্ধারিত কম সময়ের বাইরে কোনো কর্মীকে দিয়ে কাজ করালে তা ওভারটাইম হিসেবে গণ্য হবে এবং এর জন্য অতিরিক্ত পারিশ্রমিক দিতে হবে।জ্যোতির্বিজ্ঞানীদের মতে, ২০২৬ সালে সংযুক্ত আরব আমিরাতে রমজান শুরু হতে পারে ১৯ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার)। 

রমজানের এই পরিবর্তিত সময়সূচি মুসলিম ও অমুসলিম সকল কর্মীর জন্য সমানভাবে প্রযোজ্য হবে। মূলত সিয়াম সাধনার মাসে কর্মীদের শারীরিক ধকল কমাতে এবং ইবাদত ও পরিবারের সাথে সময় কাটানোর সুযোগ করে দিতেই প্রতি বছর এমন পদক্ষেপ নেয় আমিরাত সরকার। এর ফলে কর্মীদের উৎপাদনশীলতা ও মানসিক প্রশান্তি বৃদ্ধি পায় বলে মনে করেন বিশেষজ্ঞরা।