ফেব্রুয়ারি ১৭, ২০২৬, ০৯:২৩ পিএম
সৌদি আরবের আকাশে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। ফলে দেশটিতে মঙ্গলবার শাবান মাস ২৯ দিনে শেষ হলো এবং বুধবার থেকে শুরু হচ্ছে হিজরি ১৪৪৭ সনের পবিত্র রমজান মাস। মঙ্গলবার সন্ধ্যায় সৌদি আরবের জাতীয় চাঁদ দেখা কমিটি ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আকাশে নতুন চাঁদ দেখার বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে। সৌদি আরবের এই খবরটি মধ্যপ্রাচ্যভিত্তিক নির্ভরযোগ্য সূত্র ইনসাইড দ্য হারামাইনের পক্ষ থেকেও প্রচার করা হয়েছে।
সৌদি আরবের বিভিন্ন প্রান্ত থেকে চাঁদ দেখার সংবাদ আসার পরপরই দেশটির সর্বোচ্চ আদালত বুধবারকে রমজানের প্রথম দিন হিসেবে ঘোষণা করে। এই ঘোষণার পর দেশটির প্রধান দুই পবিত্র মসজিদ মক্কার মাসজিদুল হারাম ও মদিনার মাসজিদে নববীতে এশার নামাজের পর পবিত্র তারাবিহর সালাত আদায়ের প্রস্তুতি গ্রহণ করা হয়।
বুধবার ভোরে সেহরি খাওয়ার মাধ্যমে সৌদি আরবের ধর্মপ্রাণ মুসলমানরা মাসব্যাপী সিয়াম সাধনা শুরু করবেন। পবিত্র এই মাসকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ইতিমধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।
সাধারণত সৌদি আরবে চাঁদ দেখার পরের দিন বাংলাদেশে রমজান বা ঈদ পালন করা হয়। তবে ভৌগোলিক অবস্থানের কারণে বাংলাদেশে রমজান শুরুর বিষয়টি পুরোপুরি নির্ভর করবে স্থানীয় আকাশে চাঁদ দেখার ওপর। বুধবার সন্ধ্যায় বাংলাদেশের জাতীয় চাঁদ দেখা কমিটি বৈঠকে বসে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে।
তবে সৌদি আরবের এই ঘোষণার ফলে সমগ্র মধ্যপ্রাচ্যসহ বিশ্বের বিভিন্ন প্রান্তে অবস্থানরত মুসলমানরা ইবাদত ও সিয়াম সাধনার প্রস্তুতি নিতে শুরু করেছেন। রমজান মাসকে কেন্দ্র করে মক্কা ও মদিনার পবিত্র দুই মসজিদে জিয়ারতকারীদের জন্য বিশেষ সেবার ব্যবস্থা করা হয়েছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন