মার্চ ১, ২০২৬, ০৯:৫১ এএম
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি তেহরানের নিজ কার্যালয়ে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম। রোববার সকালে ইরানের সরকারি প্রচারমাধ্যম আইআরআইবি এক শোকবার্তায় জানায় যে, সর্বোচ্চ নেতা শাহাদাত বরণ করেছেন।
ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল জানিয়েছে, শনিবার ভোরে তেহরানের যে প্রশাসনিক এলাকায় খামেনির দফতর ও বাসভবন অবস্থিত, সেখানেই তাকে লক্ষ্য করে অত্যন্ত শক্তিশালী বিস্ফোরণ ঘটানো হয়।
হামলার সময় তিনি তার দাপ্তরিক দায়িত্ব পালন করছিলেন বলে আধা সরকারি বার্তা সংস্থা ফার্স নিউজ নিশ্চিত করেছে।ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি খামেনির বাসভবন ও কার্যালয় এলাকার সাম্প্রতিক কিছু স্যাটেলাইট ছবি প্রকাশ করেছে। সেই ছবিতে দেখা গেছে, খামেনির বহুতল প্রাসাদটি হামলায় পুরোপুরি ধসে পড়েছে এবং এর চারপাশ বিস্ফোরণের তীব্রতায় দগ্ধ হয়ে কালো বর্ণ ধারণ করেছে।
ধ্বংসস্তূপের চিত্র দেখে এটি স্পষ্ট যে সেখানে অত্যন্ত শক্তিশালী সমরাস্ত্র ব্যবহার করা হয়েছিল। ১৯৭৯ সালের ইসলামি বিপ্লবের পর থেকে ইরানে যে সর্বোচ্চ ধর্মীয় নেতার শাসন ব্যবস্থা প্রবর্তিত হয়, খামেনি ছিলেন তার দ্বিতীয় প্রধান। ১৯৮৯ সালে আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির মৃত্যুর পর তিনি এই দায়িত্ব গ্রহণ করেন এবং দেশটির সামরিক বাহিনীর সর্বাধিনায়ক হিসেবে দীর্ঘ সময় রাষ্ট্র পরিচালনা করেন। তার এই আকস্মিক মৃত্যুতে তেহরানসহ পুরো ইরানে এখন শোকের ছায়া ও চরম অস্থিরতা বিরাজ করছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন