মার্চ ১, ২০২৬, ১০:৫২ এএম
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির মৃত্যুতে শোক প্রকাশের জন্য রোববার ভোর হওয়ার সাথে সাথেই তেহরানের রাজপথে জড়ো হতে শুরু করেছে সরকারপন্থি বিশাল জনতা। ইরানি রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের ভিডিও ফুটেজে দেখা গেছে যে রাজধানী তেহরানের রেভল্যুশন স্কয়ার এবং তেহরান বিশ্ববিদ্যালয়ের সামনে হাজার হাজার মানুষ ভিড় জমিয়েছেন।
পুরো শহরজুড়ে এখন এক চরম আবেগঘন ও থমথমে পরিবেশ বিরাজ করছে। খামেনির প্রয়াণে তেহরান এখন এক বিশাল শোকাতুর জনপদে পরিণত হয়েছে।
শোকাতুর জনতাকে ইরানের জাতীয় পতাকা ওড়াতে এবং খামেনির ছবি সংবলিত প্লাকার্ড হাতে মৌন মিছিল করতে দেখা গেছে। দেশটির রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম আইআরআইবি থেকে প্রাপ্ত ফুটেজে দেখা যায় যে সাধারণ মানুষ শোকগাঁথা গাইছেন এবং ক্ষোভ প্রকাশ করছেন। বিশেষ করে হযরত ফাতিমা মাসুমেহ মাজার প্রাঙ্গণে উপস্থিত ইরানিদের মধ্যে চরম উত্তেজনা লক্ষ্য করা গেছে।
সেখানে উপস্থিত জনতা একযোগে ‘আমেরিকা নিপাত যাক’ এবং ‘ইসরাইল নিপাত যাক’ বলে উচ্চস্বরে স্লোগান দিচ্ছিলেন। মার্কিন ও ইসরায়েলি হামলার প্রতিবাদে এই স্লোগানগুলো পুরো এলাকায় এক রণধ্বনি তৈরি করেছে।খামেনির প্রয়াণে তেহরান জুড়ে এখন কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। রাজপথে সাধারণ মানুষের ঢলের পাশাপাশি নিরাপত্তা বাহিনীর ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। সাধারণ মানুষের পাশাপাশি ইরানের সামরিক ও বেসামরিক প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তাদেরও মিছিলে অংশ নিতে দেখা গেছে।
আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করছেন যে এই বিশাল জনসমাগম কেবল শোক প্রকাশ নয় বরং বর্তমান ভূ-রাজনৈতিক সংকটে সরকারের প্রতি জনগণের সংহতির একটি বহিঃপ্রকাশ। তেহরানের আকাশ এখন শোকের ছায়ায় ঢাকা থাকলেও রাজপথের স্লোগানগুলো মধ্যপ্রাচ্যে এক নতুন উত্তেজনারই ইঙ্গিত দিচ্ছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন