বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬,

উত্তেজনা কমাতে আলোচনার টেবিলে বসার আহ্বান জাতিসংঘের

দিনাজপুর টিভি ডেস্ক

মার্চ ১, ২০২৬, ০৪:০৫ পিএম

উত্তেজনা কমাতে আলোচনার টেবিলে বসার আহ্বান জাতিসংঘের

জাতিসংঘের সদর দপ্তর

মধ্যপ্রাচ্যে ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে চলমান পাল্টাপাল্টি সামরিক হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ। বৈশ্বিক এই সংস্থাটি সব পক্ষকে সর্বোচ্চ সংযম প্রদর্শনের এবং অবিলম্বে আলোচনার টেবিলে ফেরার জোরালো আহ্বান জানিয়েছে। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার তুর্ক এক বিশেষ বিবৃতিতে বলেন, বর্তমান পরিস্থিতিতে সামরিক সংঘাত ও পাল্টাপাল্টি হামলা গভীর উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে। 

তার মতে, যেকোনো যুদ্ধের চূড়ান্ত ও ভয়াবহ মূল্য দিতে হয় সাধারণ মানুষকে। তিনি স্পষ্টভাবে উল্লেখ করেন যে, বোমা কিংবা ক্ষেপণাস্ত্র কোনো সমস্যার স্থায়ী সমাধান বয়ে আনতে পারে না বরং এগুলো কেবল মানবিক বিপর্যয় ও ধ্বংসযজ্ঞকেই ত্বরান্বিত করে।

উত্তেজনা প্রশমনে সব পক্ষকে যৌক্তিক ও বিবেচনাপ্রসূত আচরণের আহ্বান জানিয়ে ভলকার তুর্ক সতর্ক করেছেন যে, এখনই যদি পরিস্থিতি নিয়ন্ত্রণে না আনা যায় তবে এই সংঘাত পুরো মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়তে পারে। এর ফলে ব্যাপক প্রাণহানি ও অস্থিতিশীলতার আশঙ্কা করছেন তিনি। 

এদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান তেদরোস আধানোম গেব্রেয়াসুসও চলমান পরিস্থিতি নিয়ে নিজের দুশ্চিন্তার কথা জানিয়েছেন। তিনি বলেন, এই সংঘাত জনস্বাস্থ্যের জন্য ভয়াবহ ঝুঁকি তৈরি করছে এবং বিশেষ করে সংশ্লিষ্ট অঞ্চলের পারমাণবিক স্থাপনাগুলোর নিরাপত্তা নিয়ে বিশ্বজুড়ে বড় ধরনের শঙ্কা দেখা দিয়েছে।

সাম্প্রতিক সময়ে ওমানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পরোক্ষ আলোচনার একটি পরিবেশ তৈরি হলেও নতুন করে শুরু হওয়া এই সংঘাত আন্তর্জাতিক মহলে ব্যাপক উদ্বেগ সৃষ্টি করেছে। সংঘাত দীর্ঘায়িত হলে বৈশ্বিক অর্থনীতি ও নিরাপত্তার ওপর এর দীর্ঘমেয়াদি প্রভাব পড়তে পারে বলে মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। পরিস্থিতি সামাল দিতে জাতিসংঘ ও বড় শক্তিগুলো এখন কূটনৈতিক তৎপরতা বৃদ্ধির ওপর জোর দিচ্ছে।