বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬,

ইরানের অন্তর্বর্তী পরিষদে কে এই আলিরেজা আরাফি?

দিনাজপুর টিভি ডেস্ক

মার্চ ১, ২০২৬, ০৪:৪৯ পিএম

ইরানের অন্তর্বর্তী পরিষদে কে এই আলিরেজা আরাফি?

আলিরেজা আরাফি

ইরানের রাষ্ট্রীয় ক্ষমতার বিন্যাসে গুরুত্বপূর্ণ পরিবর্তন এসেছে। দেশটির প্রভাবশালী গার্ডিয়ান কাউন্সিলের অন্তর্বর্তী নেতৃত্ব পরিষদে নতুন সদস্য হিসেবে আইনজ্ঞ পদে আলিরেজা আরাফি নির্বাচিত হয়েছেন। রোববার ইরানের এক্সপিডিয়েন্সি ডিসসার্নমেন্ট কাউন্সিলের মুখপাত্র মোহসেন দেহনাভি আনুষ্ঠানিকভাবে এই তথ্য নিশ্চিত করেছেন বলে আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে। 

ইরানের সাম্প্রতিক রাজনৈতিক অস্থিতিশীলতা এবং সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির মৃত্যুর পরবর্তী পরিস্থিতি সামাল দিতে এই অন্তর্বর্তী পরিষদ গঠন করা হয়েছে।

সংবিধান অনুযায়ী গঠিত এই অস্থায়ী নেতৃত্ব পরিষদে মূলত তিনজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব অন্তর্ভুক্ত থাকেন। এদের মধ্যে রয়েছেন দেশটির বর্তমান প্রেসিডেন্ট, বিচার বিভাগের প্রধান এবং গার্ডিয়ান কাউন্সিলের পক্ষ থেকে মনোনীত একজন জ্যেষ্ঠ আইনবিদ। আলিরেজা আরাফি সেই আইনজ্ঞ কোটায় পরিষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন। 

খামেনির প্রয়াণের পর রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ এবং নতুন নেতৃত্বের পথ সুগম করতে এই পরিষদ এখন থেকে সর্বোচ্চ ক্ষমতা চর্চা করবে বলে ধারণা করা হচ্ছে।এর আগে তেহরানের রাজনৈতিক মহলে নেতৃত্ব নির্বাচন নিয়ে বেশ কিছু গুঞ্জন থাকলেও আলিরেজা আরাফির নির্বাচন সেই বিতর্কের অবসান ঘটিয়েছে। তিনি দেশটির বিচার ব্যবস্থা ও ইসলামী আইনশাস্ত্রে দীর্ঘদিনের অভিজ্ঞতাসম্পন্ন একজন ব্যক্তিত্ব হিসেবে পরিচিত। 

মধ্যপ্রাচ্যের বর্তমান উত্তপ্ত পরিস্থিতিতে ইরানের এই নতুন প্রশাসনিক কাঠামো অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। পরবর্তী স্থায়ী নেতৃত্ব নির্বাচিত না হওয়া পর্যন্ত এই অন্তর্বর্তী পরিষদই দেশটির নীতি নির্ধারণী সকল কার্যক্রম তদারকি করবে।