মার্চ ২, ২০২৬, ০৯:৪০ এএম
ইসরায়েলের দখলকৃত জেরুজালেম শহরে সরাসরি আঘাত হেনেছে ইরানের একটি শক্তিশালী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা সোমবার এক প্রতিবেদনে এই চাঞ্চল্যকর তথ্য নিশ্চিত করেছে। ইরানের পক্ষ থেকে নতুন করে চালানো এই ক্ষেপণাস্ত্র হামলার একটি সরাসরি জেরুজালেমের পশ্চিমাংশে আছড়ে পড়ে।
ঘটনাস্থলে উপস্থিত সংবাদকর্মীরা জানিয়েছেন যে হামলার ঠিক আগেই পুরো পশ্চিম জেরুজালেম জুড়ে তীব্র সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে। সাইরেন থামার কিছুক্ষণের মধ্যেই একটি বিশাল মিসাইল এসে সেখানে আঘাত হানে এবং বিকট বিস্ফোরণ ঘটে।
উল্লেখ্য যে ১৯৬৭ সালের ছয়দিনের আরব-ইসরায়েল যুদ্ধের পর থেকে পূর্ব জেরুজালেম ইসরায়েলের দখলে রয়েছে। যদিও ফিলিস্তিনিরা ঐতিহাসিকভাবে এই পবিত্র ভূমির প্রকৃত মালিক কিন্তু বর্তমানে জেরুজালেমের প্রশাসনিক ও নিরাপত্তা সংক্রান্ত সকল ক্ষমতা ইসরায়েলি কর্তৃপক্ষের হাতে ন্যস্ত।
এই শহরেই ইসলামের প্রথম কিবলা এবং অত্যন্ত পবিত্র স্থান আল-আকসা মসজিদ অবস্থিত। সৌদি আরবের পবিত্র মক্কা ও মদিনার পর সমগ্র মুসলিম বিশ্বের কাছে জেরুজালেম শহরটি ধর্মীয়ভাবে সর্বোচ্চ গুরুত্ব বহন করে।ইরানের এই সরাসরি হামলার ফলে জেরুজালেমের নিরাপত্তা পরিস্থিতি এখন অত্যন্ত নাজুক অবস্থায় রয়েছে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর পক্ষ থেকে ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে এখনো বিস্তারিত কোনো তথ্য পাওয়া যায়নি।
তবে পবিত্র এই জনপদে ক্ষেপণাস্ত্র হামলার ঘটনায় আন্তর্জাতিক মহলে নতুন করে উদ্বেগ ও আতঙ্কের সৃষ্টি হয়েছে। মধ্যপ্রাচ্যে ইরান ও ইসরায়েলের মধ্যকার এই সরাসরি সংঘাত পুরো অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতাকে চরম ঝুঁকির মুখে ঠেলে দিয়েছে বলে মনে করছেন কূটনৈতিক বিশ্লেষকরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আন্তর্জাতিক পরাশক্তিগুলোর ভূমিকার দিকে এখন নজর রাখছে বিশ্ববাসী।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন