বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬,

ইরানে মার্কিন হামলায় যোগ দিচ্ছে না অস্ট্রেলিয়া

দিনাজপুর টিভি ডেস্ক

মার্চ ২, ২০২৬, ০৪:৪১ পিএম

ইরানে মার্কিন হামলায় যোগ দিচ্ছে না অস্ট্রেলিয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সম্ভাব্য যৌথ সামরিক অভিযানে অংশ নেওয়ার কোনো পরিকল্পনা নেই অস্ট্রেলিয়ার। সোমবার অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যম নাইন নেটওয়ার্ককে দেওয়া এক সাক্ষাৎকারে দেশটির পররাষ্ট্রমন্ত্রী পেনি ওং এই সিদ্ধান্তের কথা সাফ জানিয়ে দেন। আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে।

ওয়াশিংটন ও তেল আবিব ইরানকে লক্ষ্য করে সামরিক তৎপরতা জোরদার করলেও ক্যানবেরা এই যুদ্ধ থেকে নিজেদের দূরে রাখার অবস্থান গ্রহণ করেছে।সাক্ষাৎকারে পেনি ওং স্পষ্টভাবে উল্লেখ করেন যে, অস্ট্রেলিয়া এই সামরিক প্রক্রিয়ার অংশ ছিল না এবং ভবিষ্যতেও এতে যোগ দেওয়ার কোনো লক্ষ্য তাদের নেই।

 যদিও অস্ট্রেলিয়ার সাথে ইরানের দ্বিপক্ষীয় সম্পর্ক বর্তমানে বেশ টানাপোড়েনের মধ্য দিয়ে যাচ্ছে, তবুও দেশটি সামরিক সংঘাতের পথে হাঁটতে চাইছে না। উল্লেখ্য, ২০২৫ সালে সিডনি ও মেলবোর্নে ইহুদিবিদ্বেষী অগ্নিসংযোগের ঘটনার নেপথ্যে ইরানের বিপ্লবী গার্ডের সংশ্লিষ্টতা রয়েছে—এমন অভিযোগে ক্যানবেরা থেকে ইরানি রাষ্ট্রদূতকে বহিষ্কার করা হয়েছিল। 

তেহরান অবশ্য শুরু থেকেই এই অভিযোগ অস্বীকার করে আসছে।ঐতিহাসিকভাবে দেখা গেছে, ইরাক যুদ্ধসহ যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন অনেক বড় সামরিক অভিযানে অস্ট্রেলিয়া সরাসরি অংশগ্রহণ করেছে। তবে এবারের ইরান সংকটে দেশটির এমন অবস্থানকে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষা এবং নতুন কোনো যুদ্ধের বোঝা এড়াতেই অস্ট্রেলিয়া এমন সতর্ক নীতি গ্রহণ করেছে বলে মনে করা হচ্ছে। পররাষ্ট্রমন্ত্রীর এই বক্তব্যের পর মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক মহলে নতুন আলোচনার সূত্রপাত হয়েছে।