বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬,

করাচি কনস্যুলেটে মার্কিন সেনার গুলি: নিহত অন্তত ১০

দিনাজপুর টিভি ডেস্ক

মার্চ ৩, ২০২৬, ১১:৪১ এএম

করাচি কনস্যুলেটে মার্কিন সেনার গুলি: নিহত অন্তত ১০

করাচি কনস্যুলেটে নিরাপত্তা

পাকিস্তানের করাচিতে অবস্থিত মার্কিন কনস্যুলেটে বিক্ষোভ চলাকালে সাধারণ মানুষের ওপর গুলিবর্ষণ করেছে মার্কিন মেরিন সেনারা। এই ভয়াবহ ঘটনায় অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে বলে মঙ্গলবার এক প্রতিবেদনে জানিয়েছে ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্স। দুইজন মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে, কনস্যুলেট প্রাঙ্গণে বিক্ষোভকারীরা জড়ো হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মেরিন সেনারা গুলি ছুড়তে বাধ্য হয়। 

তবে মেরিন সেনাদের ছোড়া গুলিতেই নির্দিষ্টভাবে কারো মৃত্যু হয়েছে কি না, সে বিষয়টি নিয়ে এখনও অস্পষ্টতা রয়ে গেছে।রয়টার্সের প্রতিবেদনে আরও জানানো হয়েছে যে, ঘটনার সময় কনস্যুলেটের নিরাপত্তায় নিয়োজিত অন্যান্য কর্মকর্তা, স্থানীয় পুলিশ বা বেসরকারি নিরাপত্তা সংস্থার সদস্যরাও গুলি চালিয়েছিলেন কি না, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। 

বিক্ষোভের সময় পরিস্থিতি অত্যন্ত উত্তপ্ত ছিল এবং নিরাপত্তা বেষ্টনী ভাঙার চেষ্টা করলে এই রক্তক্ষয়ী সংঘাতের সূত্রপাত হয়। ১০ জন নিহতের খবর প্রচার হওয়ার পর করাচি ও এর আশপাশের এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। 

মার্কিন কর্মকর্তারা পরিস্থিতির ওপর নিবিড় নজর রাখছেন বলে জানা গেছে।এই অনাকাঙ্ক্ষিত ঘটনার পর পাকিস্তানে যুক্তরাষ্ট্রের কূটনৈতিক কার্যক্রমের ওপর বড় ধরনের প্রভাব পড়েছে। ইসলামাবাদের মার্কিন দূতাবাস নিরাপত্তার অজুহাতে সকল ভিসা আবেদনকারীর সাক্ষাৎকার ও অ্যাপয়েন্টমেন্ট বাতিল ঘোষণা করেছে।

 দূতাবাস এক বিবৃতিতে জানিয়েছে যে, দেশের বর্তমান অস্থিতিশীল নিরাপত্তা পরিস্থিতি বিবেচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। করাচি কনস্যুলেটে হামলার পর লাহোর ও করাচি কনস্যুলেটেও নিরাপত্তা জোরদার করা হয়েছে। আন্তর্জাতিক মহলে এই ঘটনা নতুন করে আলোচনার জন্ম দিয়েছে এবং মার্কিন বাহিনীর এই পদক্ষেপের আইনগত ও মানবিক দিক নিয়ে প্রশ্ন উঠছে।