মার্চ ৩, ২০২৬, ০৮:২৪ পিএম
সংযুক্ত আরব আমিরাতে ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ৩ জন নিহত এবং আরও ৬৮ জন আহত হয়েছেন। মঙ্গলবার দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র এই তথ্য নিশ্চিত করেছেন। আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরার। এক প্রতিবেদনে জানানো হয়েছে, আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক হওয়ায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে স্থানীয় সূত্রগুলো আশঙ্কা করছে।
ইরান থেকে ছোড়া বেশ কিছু ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন আমিরাতের বিভিন্ন গুরুত্বপূর্ণ ও কৌশলগত স্থাপনা লক্ষ্য করে আঘাত হানলে এই হতাহতের ঘটনা ঘটে।
আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তাদের উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইরান থেকে আসা বেশ কিছু ক্ষেপণাস্ত্র ও ড্রোন মাঝ আকাশেই ধ্বংস করতে সক্ষম হয়েছে। তবে কিছু লক্ষ্যভ্রষ্ট ক্ষেপণাস্ত্র এবং ড্রোনের অংশবিশেষ লোকালয় ও অবকাঠামোতে আঘাত হানে, যার ফলে জানমালের এই অপূরণীয় ক্ষতি হয়েছে।
মূলত গত চার দিন ধরে ইরান এবং যুক্তরাষ্ট্র-ইসরাইল জোটের মধ্যে চলমান চরম উত্তেজনার অংশ হিসেবেই এই হামলা চালানো হয়েছে। গত কয়েক দিনে ইরানি ভূখণ্ডে চালানো যৌথ বাহিনীর হামলার জবাবে তেহরান এখন অঞ্চলজুড়ে তাদের পাল্টা আক্রমণ শুরু করেছে, যার প্রভাব এখন প্রতিবেশী দেশগুলোতেও সরাসরি পড়ছে।এই অস্থিতিশীল পরিস্থিতিতে সংযুক্ত আরব আমিরাত কর্তৃপক্ষ তাদের নাগরিকদের শান্ত থাকার এবং নিরাপত্তা বিষয়ক সব ধরনের নির্দেশনা কঠোরভাবে মেনে চলার আহ্বান জানিয়েছে।
দুবাই ও আবুধাবিসহ প্রধান শহরগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। কর্তৃপক্ষ আগেই জানিয়েছিল যে, যেকোনো ধরনের বহিরাগত হামলা প্রতিহত করতে তাদের সামরিক বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। তবে যুদ্ধের বিস্তার এভাবে বাড়তে থাকায় বৈশ্বিক জ্বালানি সরবরাহ ব্যবস্থা এবং আন্তর্জাতিক বাণিজ্যে বড় ধরনের ধস নামার আশঙ্কা করছেন বিশ্লেষকরা। বিশেষ করে মধ্যপ্রাচ্যের এই গুরুত্বপূর্ণ বাণিজ্যিক অঞ্চলে দীর্ঘস্থায়ী অস্থিতিশীলতা বিশ্ব অর্থনীতির জন্য নতুন সংকটের ইঙ্গিত দিচ্ছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন