মার্চ ৫, ২০২৬, ১২:৫২ পিএম
মধ্যপ্রাচ্যে ইরানকে কেন্দ্র করে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সামরিক সংঘাতের উত্তেজনার মধ্যেই নতুন শক্তির জানান দিল উত্তর কোরিয়া। দেশটির পশ্চিমাঞ্চলীয় ন্যাম্পো শিপইয়ার্ডে কৌশলগত ক্রুজ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছেন উত্তর কোরিয়ার শীর্ষ নেতা কিম জং উন। বুধবার চয়ে হিয়ন নামক একটি অত্যাধুনিক যুদ্ধজাহাজ থেকে সমুদ্র থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য এই ক্ষেপণাস্ত্রটি উৎক্ষেপণ করা হয়।
উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম কেসিএনএ এবং আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা এই তথ্য নিশ্চিত করেছে। কিম জং উন স্বয়ং উপস্থিত থেকে এই পুরো পরীক্ষা প্রক্রিয়া পর্যবেক্ষণ করেন এবং এটিকে তাঁর দেশের নৌ প্রতিরক্ষার নতুন প্রতীক হিসেবে অভিহিত করেন।
ক্ষেপণাস্ত্র পরীক্ষার পরপরই পাঁচ হাজার টন ওজনের এই নতুন চয়ে হিয়ন-ক্লাস ডেস্ট্রয়ারের আনুষ্ঠানিক কমিশনিং সম্পন্ন করা হয়। কিম জং উন এই সফলতাকে তাঁর নৌবাহিনীর পারমাণবিক সক্ষমতা অর্জনের পথে একটি মাইলফলক হিসেবে বর্ণনা করেছেন।
তিনি সামরিক কর্মকর্তাদের আরও যুদ্ধজাহাজ নির্মাণের নির্দেশ দিয়ে বলেন যে উত্তর কোরিয়ার নৌবাহিনী এখন জলসীমার ওপর ও নিচ থেকে যেকোনো আক্রমণ মোকাবিলায় সক্ষম। দক্ষিণ কোরিয়ার ইয়োনহাপ নিউজ এজেন্সি এই ঘটনার প্রতিক্রিয়ায় জানিয়েছে যে উত্তর কোরিয়া কৌশলগত অস্ত্রের কথা উল্লেখ করার মাধ্যমে পরোক্ষভাবে এই ক্ষেপণাস্ত্রগুলোর পারমাণবিক সক্ষমতার ইঙ্গিত দিয়েছে।এদিকে ইরানের ওপর ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক আক্রমণকে অবৈধ আগ্রাসন বলে নিন্দা জানিয়েছে উত্তর কোরিয়া।
দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়েছে যে ওয়াশিংটন ও তেল আবিবের এই কর্মকাণ্ড ইরানের জাতীয় সার্বভৌমত্বের চরম লঙ্ঘন। কিম জং উন এই পরিস্থিতিকে যুক্তরাষ্ট্রের গ্যাংস্টার-সদৃশ আচরণের ফলাফল হিসেবে বর্ণনা করেছেন। রাশিয়া ও চীনও এই হামলার নিন্দা জানালেও উত্তর কোরিয়ার পক্ষ থেকে সরাসরি সামরিক শক্তির প্রদর্শন আন্তর্জাতিক মহলে নতুন উদ্বেগের জন্ম দিয়েছে। বিশ্লেষকরা মনে করছেন মধ্যপ্রাচ্যের অস্থিরতার সুযোগ নিয়ে কিম জং উন তাঁর অস্ত্রাগার আরও সমৃদ্ধ করার কৌশল গ্রহণ করেছেন।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন