মার্চ ৬, ২০২৬, ০৪:৫৬ পিএম
মার্কিন ও ইসরায়েলি সশস্ত্র হামলার ভয়াবহ পরিস্থিতির মধ্যেই প্রশাসনিক কার্যক্রম ধীরে ধীরে স্বাভাবিক করার ঘোষণা দিয়েছে ইরান। তেহরান প্রদেশের বিভিন্ন মন্ত্রণালয়, সরকারি সংস্থা এবং নির্বাহী দপ্তরগুলোতে আগামী রোববার থেকে সীমিত পরিসরে দাপ্তরিক কাজ শুরু হবে। নতুন এই নির্দেশনা অনুযায়ী দপ্তরগুলোতে মাত্র ২০ শতাংশ কর্মী সরাসরি উপস্থিত থেকে তাদের দায়িত্ব পালন করবেন।
মূলত যুদ্ধের কারণে স্থবির হয়ে পড়া রাষ্ট্রীয় সেবাগুলো পুনরায় সচল করতেই এই সিদ্ধান্ত নিয়েছে দেশটি।ইরান সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে যে তেহরান প্রদেশের সব নারী কর্মীরা বর্তমানে সরাসরি অফিসে না এসে ভার্চুয়ালি বা বাসা থেকে কাজ করবেন।
তবে ব্যাংক ব্যবস্থার প্রয়োজনীয় সেবা চালু রাখার জন্য কিছু শাখা খোলা রাখার নির্দেশ দেওয়া হয়েছে। জরুরি সেবা প্রদানকারী সংস্থাগুলোর অপারেশনাল ইউনিট, পৌরসভা, বিভিন্ন চিকিৎসা কেন্দ্র এবং সামরিক ও নিরাপত্তা বাহিনীর দপ্তরগুলো এই নির্দেশনার বাইরে থাকবে। অর্থাৎ এসব খাতের কর্মীদের পূর্ণ শক্তি নিয়ে তাদের দায়িত্ব পালন অব্যাহত রাখতে হবে।
প্রশাসনিক শৃঙ্খলার স্বার্থে তেহরান প্রদেশের ব্যবস্থাপনা পর্যায়ের কর্মকর্তাদের জন্য কোনো ছাড় দেওয়া হয়নি। উচ্চপদস্থ কর্মকর্তাদের জন্য বাসা থেকে কাজ করার কোনো সুযোগ থাকছে না; তাদের বাধ্যতামূলকভাবে নিজ নিজ কর্মস্থলে উপস্থিত থাকতে হবে। যুদ্ধের এই কঠিন সময়ে রাষ্ট্রীয় সিদ্ধান্ত গ্রহণ এবং জরুরি সমন্বয় নিশ্চিত করতেই তাদের অফিসে থাকার এই কড়া নির্দেশ দেওয়া হয়েছে। চলমান উত্তেজনার মাঝে ইরানের এই পদক্ষেপ তাদের প্রশাসনিক দৃঢ়তারই বহিঃপ্রকাশ বলে মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন