রবিবার, ১১ অক্টোবর, ২০২৬,

খামেনির বাঙ্কার ধ্বংসে ৫০ যুদ্ধবিমানের হামলা

দিনাজপুর টিভি ডেস্ক

মার্চ ৬, ২০২৬, ১০:১০ পিএম

খামেনির বাঙ্কার ধ্বংসে ৫০ যুদ্ধবিমানের হামলা

ইসরাইলি যুদ্ধবিমান

ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির অতি সুরক্ষিত ভূগর্ভস্থ বাঙ্কার ধ্বংসের অভিযানে ইসরাইলি বিমান বাহিনীর ৫০টি যুদ্ধবিমান অংশ নিয়েছিল বলে দাবি করেছে তেল আবিব। ইসরাইলি প্রতিরক্ষা বাহিনীর মুখপাত্র আভিচাই আদরাই এক আনুষ্ঠানিক বিবৃতিতে এই চাঞ্চল্যকর তথ্য সামনে এনেছেন। 

তিনি জানান, তেহরানের কেন্দ্রস্থলে অবস্থিত এই বাঙ্কারটি অত্যন্ত সুরক্ষিত এবং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ স্থাপনা হিসেবে পরিচিত ছিল।ইসরাইলি সেনাবাহিনীর তথ্য অনুযায়ী, এই ভূগর্ভস্থ বাঙ্কারটি শুধুমাত্র একটি আশ্রয়স্থল ছিল না, বরং এটি ইরানের যুদ্ধকালীন কমান্ড সেন্টার হিসেবে ব্যবহৃত হতো।

 যেখান থেকে খামেনি সরাসরি যুদ্ধের বিভিন্ন দিকনির্দেশনা ও পরিকল্পনা পরিচালনা করতেন। বাঙ্কারটি তেহরানের একটি পুরো সড়ক জুড়ে বিস্তৃত ছিল এবং এতে প্রবেশের জন্য বেশ কয়েকটি গোপন পথ ব্যবহার করা হতো। মাটির অনেক গভীরে অবস্থিত এই স্থাপনায় ইরানি কর্মকর্তাদের বৈঠকের জন্য বিশেষ কক্ষের ব্যবস্থা ছিল যা আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থায় সজ্জিত।

আভিচাই আদরাই তার বিবৃতিতে আরও দাবি করেন, খামেনির মৃত্যুর পরেও ইরানি শাসকগোষ্ঠীর উচ্চপদস্থ কর্মকর্তারা এই কমপ্লেক্সটি ব্যবহার করে আসছিলেন। মূলত তেহরানের কেন্দ্রস্থলে অবস্থিত এই সামরিক অবকাঠামোটি পুরোপুরি নিষ্ক্রিয় করতেই এই বিশাল বিমান হামলা চালানো হয়েছে। তবে এই হামলার বিষয়ে বা ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ নিয়ে ইরান সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে ইসরাইলি বাহিনীর এই দাবি আন্তর্জাতিক মহলে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।