রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

ইরানকে কড়া হুঁশিয়ারি দিল সৌদি আরব

আন্তর্জাতিক ডেস্ক

মার্চ ৭, ২০২৬, ১০:০৬ পিএম

ইরানকে কড়া হুঁশিয়ারি দিল সৌদি আরব

ইরানকে সৌদির সতর্কবার্তা

ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলার জবাবে সৌদি আরবে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার ঘটনায় তেহরানকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে রিয়াদ। সৌদি আরবের প্রতিরক্ষামন্ত্রী খালিদ বিন সালমান আল সৌদ ইরানকে কোনো প্রকার ‘ভুল সিদ্ধান্ত’ না নেওয়ার আহ্বান জানিয়েছেন। শনিবার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এই সতর্কবার্তা দেওয়া হয়। 

মূলত সৌদিতে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনা এবং গুরুত্বপূর্ণ তেলক্ষেত্র লক্ষ্য করে ইরানের সাম্প্রতিক হামলার প্রেক্ষিতে এই প্রতিক্রিয়া জানাল সৌদি আরব।

সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয় নিশ্চিত করেছে যে, তারা রাজধানী রিয়াদের দক্ষিণ-পূর্বে অবস্থিত প্রিন্স সুলতান বিমানঘাঁটি লক্ষ্য করে ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সফলভাবে প্রতিহত করেছে। উল্লেখ্য, এই বিমানঘাঁটিতে বর্তমানে মার্কিন সেনারা অবস্থান করছেন। এছাড়া শায়বাহ ওয়েল ফিল্ডে ড্রোন হামলার বড় ধরনের একটি চেষ্টাও নস্যাৎ করে দিয়েছে সৌদি আরবের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। 

এম্পটি কোয়ার্টার মরুভূমি এলাকায় অন্তত ছয়টি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে মন্ত্রণালয়। এর আগে চলতি সপ্তাহে রাস তানুরা তেল শোধনাগারকেও লক্ষ্যবস্তু করা হয়েছিল বলে জানায় রিয়াদ।উদ্ভূত পরিস্থিতিতে পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনিরের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হন খালিদ বিন সালমান।

 

বৈঠকের পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি জানান যে, এ ধরনের কর্মকাণ্ড আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতাকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করছে। তিনি আশা প্রকাশ করেন যে, ইরান পরিস্থিতির ভয়াবহতা বুঝে বিচক্ষণতার পরিচয় দেবে এবং সংঘাত আরও বাড়াতে পারে এমন যেকোনো পদক্ষেপ থেকে বিরত থাকবে। মধ্যপ্রাচ্যের দুই বড় শক্তির মধ্যে এই পাল্টাপাল্টি উত্তেজনা পুরো বিশ্বের জ্বালানি বাজারেও চরম অস্থিরতা ও আতঙ্ক তৈরি করেছে।সূত্র: দ্য গার্ডিয়ান