বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬,

মধ্যপ্রাচ্যে ইসরাইল গণহত্যার দিকে এগোচ্ছে: তুরস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মার্চ ১৫, ২০২৬, ১২:০২ এএম

মধ্যপ্রাচ্যে ইসরাইল গণহত্যার দিকে এগোচ্ছে: তুরস্ক

তুর্কি পররাষ্ট্রমন্ত্রীর হুঁশিয়ারি

মধ্যপ্রাচ্যজুড়ে অশান্তির আগুন ছড়িয়ে দিয়ে ইসরাইল এই অঞ্চলকে এক ভয়াবহ অস্থিতিশীলতার দিকে ঠেলে দিচ্ছে বলে কড়া হুঁশিয়ারি উচ্চারণ করেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। শনিবার আঙ্কারায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি সতর্ক করে বলেন যে লেবাননে হিজবুল্লাহ দমনের নাম করে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মূলত এক নতুন গণহত্যার দিকে এগোচ্ছেন। 

ফিদানের মতে বর্তমান পরিস্থিতিতে চলমান সংঘাত যেকোনো সময় একটি বৃহত্তর আঞ্চলিক যুদ্ধে রূপ নিতে পারে যা পুরো বিশ্বের জন্য বড় ধরনের উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। এই ভয়াবহ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তিনি যুক্তরাষ্ট্র ও ইরানকে অবিলম্বে কার্যকর আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন।

তুরস্কের আকাশসীমা লক্ষ্য করে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার তথ্য নিশ্চিত করে পররাষ্ট্রমন্ত্রী জানান যে আঙ্কারা বর্তমান পরিস্থিতি অত্যন্ত নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। এ বিষয়ে তুরস্ক নিয়মিতভাবে ইরানের সাথে যোগাযোগ রক্ষা করে চলেছে। 

ইসরাইলের সাম্প্রতিক কর্মকাণ্ডের কড়া সমালোচনা করে তিনি বলেন যে পবিত্র আল আকসা মসজিদে ইবাদতকারীদের প্রবেশে বাধা দেওয়া একটি অত্যন্ত বিপজ্জনক পদক্ষেপ। এই ধরনের উস্কানিমূলক আচরণ মুসলিম বিশ্বে নতুন করে অস্থিরতা তৈরি করবে যা বর্তমান পরিস্থিতিতে কারোর জন্যই কাম্য নয়।ফিদান অত্যন্ত স্পষ্টভাবে উল্লেখ করেন যে যতক্ষণ পর্যন্ত ইসরাইলের এই আক্রমণাত্মক মনোভাব ও হামলা চলবে ততক্ষণ এই অঞ্চল এক অনিবার্য ধ্বংসচক্রের মধ্যে আটকে থাকবে। 

তুরস্ক যেকোনো ধরণের উস্কানির বিরুদ্ধে শক্ত প্রতিরোধ গড়ে তোলার প্রস্তুতি রাখছে এবং আঞ্চলিক শান্তি বজায় রাখতে নিজেদের অবস্থান পরিষ্কার করেছে। আন্তর্জাতিক সম্প্রদায়কে এই বিষয়ে দ্রুত হস্তক্ষেপ করার আহ্বান জানিয়ে তিনি বলেন যে সময় ফুরিয়ে যাওয়ার আগেই বিশ্ব নেতাদের সংকট নিরসনে সরাসরি এগিয়ে আসা উচিত। অন্যথায় এই সংঘাতের প্রভাব কেবল মধ্যপ্রাচ্যেই সীমাবদ্ধ থাকবে না বরং বিশ্বজুড়ে এর নেতিবাচক প্রভাব পড়বে।