শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬,

কিউবায় ৫.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

আন্তর্জাতিক ডেস্ক

মার্চ ১৭, ২০২৬, ০৭:২৪ পিএম

কিউবায় ৫.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

কিউবায় শক্তিশালী কম্পন

কিউবার উপকূলে ৫.৮ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। মঙ্গলবার স্থানীয় সময় রাত ১২টা ২৮ মিনিটে দেশটির পূর্বাঞ্চলে এই কম্পন অনুভূত হয় বলে জানিয়েছে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস। সংস্থাটির তথ্যমতে, ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল কিউবার মাইসি পৌর এলাকা থেকে প্রায় ৪৯ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ-পশ্চিমে এবং এর গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে প্রায় ১১.৬ কিলোমিটার। 

সান্তিয়াগো দে কিউবা ও গুয়ানতানামো প্রদেশ থেকে শক্তিশালী কম্পন অনুভূত হওয়ার খবর পাওয়া গেছে। তবে ভূমিকম্পের পর এখন পর্যন্ত কোনো প্রাণহানি বা বড় ধরনের অর্থনৈতিক ক্ষয়ক্ষতির সংবাদ পাওয়া যায়নি।

ইউএসজিএস জানিয়েছে যে এই ভূমিকম্পের ফলে প্রাণহানি ও ক্ষয়ক্ষতির ঝুঁকি বর্তমানে ‘সবুজ’ বা নিম্ন পর্যায়ে রয়েছে। কিউবার ভূকম্পন পর্যবেক্ষণ সংস্থার তথ্য অনুযায়ী, ভূমিকম্পের কেন্দ্র ছিল গুয়ানতানামো শহর থেকে প্রায় ৯৫ কিলোমিটার দূরে। এর আগে গত ৬ মার্চ কিউবার উপকূলে ৫.০ মাত্রার আরেকটি ভূমিকম্প রেকর্ড করা হয়েছিল। 

অল্প সময়ের ব্যবধানে পরপর দুটি শক্তিশালী কম্পন স্থানীয় বাসিন্দাদের মধ্যে উদ্বেগের সৃষ্টি করেছে। বর্তমানে দেশটির প্রশাসনিক কর্মকর্তারা ক্ষতিগ্রস্ত এলাকাগুলো পর্যবেক্ষণ করছেন বলে জানা গেছে।প্রাকৃতিক এই দুর্যোগের সময়ে কিউবা এক কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। দেশজুড়ে বড় ধরনের বিদ্যুৎ বিপর্যয়ের পর যখন বিদ্যুৎ সরবরাহ পুনরুদ্ধারের চেষ্টা চলছে, ঠিক তখনই এই ভূমিকম্প আঘাত হানল। 

একই সঙ্গে কিউবার ওপর যুক্তরাষ্ট্রের তেল অবরোধ নীতি চলমান থাকায় জ্বালানি ও অর্থনৈতিক সংকটে রয়েছে দ্বীপরাষ্ট্রটি। এমন অস্থিতিশীল পরিবেশের মধ্যেই ডোনাল্ড ট্রাম্পের কিউবা নিয়ে সাম্প্রতিক বিভিন্ন রাজনৈতিক অঙ্গীকার আন্তর্জাতিক মহলে নতুন আলোচনার জন্ম দিয়েছে। কিউবা সরকার এখন পর্যন্ত ভূমিকম্প পরবর্তী কোনো ক্ষয়ক্ষতির বিস্তারিত আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করেনি।