মার্চ ২৭, ২০২৬, ০৬:৫২ পিএম
ইরানের বিরুদ্ধে চলমান সামরিক অভিযান আরও জোরদার এবং বিস্তৃত করার কঠোর হুমকি দিয়েছেন ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ। তিনি স্পষ্ট করে জানিয়েছেন যে, ইসরাইলি বেসামরিক নাগরিকদের ওপর ইরানের সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র হামলার প্রেক্ষাপটে তেহরানকে এর জন্য চড়া মূল্য দিতে হবে।
ইসরাইলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরাইলের এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। প্রতিরক্ষামন্ত্রী কাৎজ সামরিক কর্মকর্তাদের সঙ্গে এক উচ্চপর্যায়ের বৈঠকে বসার সময় এই হুঁশিয়ারি উচ্চারণ করেন।
প্রতিবেদনে বলা হয়েছে, ইসরাইল এখন থেকে ইরানে হামলার মাত্রা ও পরিধি আরও বাড়ানোর পরিকল্পনা করছে। বিশেষ করে এমন সব লক্ষ্যবস্তুর ওপর আঘাত করা হবে, যা ইসরাইলি ভূখণ্ডে হামলা পরিচালনার ক্ষেত্রে ইরানকে সরাসরি সহায়তা করে।
ইসরায়েল কাৎজ সামরিক কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন যাতে ইরানের সামরিক সক্ষমতা ও অবকাঠামোর ওপর সুনির্দিষ্ট এবং শক্তিশালী হামলা চালানো হয়। তিনি মনে করেন, ইরানের এই ধরনের উসকানিমূলক কর্মকাণ্ডের জবাবে কঠোর সামরিক পদক্ষেপ নেওয়া এখন সময়ের দাবি।ইসরাইলি প্রতিরক্ষামন্ত্রী আরও উল্লেখ করেছেন যে, যুদ্ধের নির্ধারিত সকল লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত ইরানে পূর্ণ শক্তি দিয়ে অভিযান অব্যাহত রাখা হবে।
তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ইসরাইলের নিরাপত্তা নিশ্চিত করতে তারা সম্ভাব্য সব ধরনের সামরিক বিকল্প বেছে নেবেন। বর্তমান পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যের উত্তেজনা এক নতুন মাত্রায় পৌঁছেছে বলে আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করছেন। কাৎজের এই বক্তব্যের পর ওই অঞ্চলে যুদ্ধের পরিধি আরও বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে। তেহরানের পক্ষ থেকে এই হুমকির জবাবে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন