শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬,

ওমান উপসাগর এখন ইরানের নিয়ন্ত্রণে

আন্তর্জাতিক ডেস্ক

মার্চ ৩০, ২০২৬, ১২:০৮ পিএম

ওমান উপসাগর এখন ইরানের নিয়ন্ত্রণে

ইরানি নৌবাহিনীর মহড়া

ওমান উপসাগর এখন সম্পূর্ণভাবে ইসলামি প্রজাতন্ত্র ইরানের সামরিক বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে বলে দাবি করেছেন দেশটির নৌবাহিনীর একজন জ্যেষ্ঠ কমান্ডার। রোববার ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম তাসনিম নিউজ এজেন্সিতে প্রকাশিত এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। 

এর আগে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে নিজেদের আধিপত্য প্রতিষ্ঠার পর এবার ওমান উপসাগরের পূর্ব অঞ্চলেও তেহরান নিজেদের একচ্ছত্র নিয়ন্ত্রণ ঘোষণা করলো। একইসঙ্গে ওই অঞ্চলে মোতায়েনরত মার্কিন বাহিনীর বিরুদ্ধে কঠোর প্রতিশোধ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইরান।

ইরানি ওই কমান্ডারের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে যে, ইরানের সামরিক বাহিনী মার্কিন সেনাদের তাদের ক্ষেপণাস্ত্রের সীমার মধ্যে আসার জন্য অপেক্ষা করছে। 

যদি মার্কিন বাহিনী ইরানি জলসীমার কাছাকাছি আসে, তবে উপকূলীয় ক্ষেপণাস্ত্র ব্যবস্থার মাধ্যমে তাদের লক্ষ্যবস্তু করা হবে বলে তিনি স্পষ্টভাবে সতর্ক করে দিয়েছেন। কমান্ডারের দাবি অনুযায়ী, ইরানের শক্তিশালী ক্ষেপণাস্ত্র তৎপরতা ও সাম্প্রতিক সামরিক মহড়ার মুখে মার্কিন রণতরী ইউএসএস আব্রাহাম লিংকন ইরানি জলসীমা থেকে শত শত মাইল দূরে সরে যেতে বাধ্য হয়েছে।আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে, ওমান উপসাগর ও হরমুজ প্রণালির পূর্ব অংশে ইরানের এই আধিপত্য ঘোষণার ফলে মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক উপস্থিতির সামনে বড় ধরনের চ্যালেঞ্জ তৈরি হলো। 

তেহরানের এই কঠোর অবস্থান এবং মার্কিন রণতরীর পিছু হটার খবর পুরো অঞ্চলের রণকৌশলে নতুন মোড় নিতে পারে বলে ধারণা করা হচ্ছে। ইরান ইতিমধ্যে স্পষ্ট করে দিয়েছে যে, তাদের জলসীমায় যেকোনো ধরনের অনুপ্রবেশের দাঁতভাঙা জবাব দিতে তারা সম্পূর্ণ প্রস্তুত। এই ঘটনা মধ্যপ্রাচ্যে বিদ্যমান উত্তেজনাকে আরও কয়েক গুণ বাড়িয়ে দিল।