শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬,

শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া

আন্তর্জাতিক ডেস্ক

এপ্রিল ২, ২০২৬, ১০:৪৫ এএম

শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া

ইন্দোনেশিয়ায় ভূমিকম্পের আঘাত

ইন্দোনেশিয়ার উপকূলে ৭ দশমিক ৪ মাত্রার এক শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। বৃহস্পতিবার স্থানীয় সময় ভোরে ঘটা এই প্রাকৃতিক দুর্যোগে প্রাথমিকভাবে একজন নারীর মৃত্যুর খবর পাওয়া গেছে। ভূমিকম্পের পরপরই বড় ধরনের সুনামি সতর্কতা জারি করা হলেও পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় কয়েক ঘণ্টা পর তা তুলে নেওয়া হয়েছে। 

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, আজ ২ এপ্রিল সকাল ৬টা ৪৮ মিনিটে উত্তর মলুকা সাগরের টারনাটে শহর থেকে ১২০ কিলোমিটার দূরে এবং ভূপৃষ্ঠের ৩৫ কিলোমিটার গভীরে ছিল এই কম্পনের কেন্দ্রস্থল।

উদ্ধারকারী সূত্রগুলো জানিয়েছে, ভূমিকম্পের প্রভাবে বেশ কিছু ঘরবাড়ি ও ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। উত্তর সুলাওয়েসির মিনাহাসা অঞ্চলে একটি ভবনের ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে ৭০ বছর বয়সী এক নারীর মৃত্যু হয়েছে। মূল কম্পনের পর ওই এলাকায় আরও দুটি শক্তিশালী পরাঘাত বা আফটারশক অনুভূত হয় যার তীব্রতা ছিল রিখটার স্কেলে যথাক্রমে ৫ দশমিক ৫ ও ৫ দশমিক ২। 

ইন্দোনেশিয়ার জাতীয় ভূতাত্ত্বিক সংস্থা স্থানীয় বাসিন্দাদের আরও পরাঘাতের আশঙ্কার কথা জানিয়ে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে।ঘটনার পর হাওয়াইভিত্তিক প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কতা কেন্দ্র প্রায় দুই ঘণ্টা পর্যন্ত সমুদ্রে বড় ঢেউয়ের আশঙ্কা জানিয়ে সতর্কতা জারি করে রেখেছিল। 

পরবর্তী সময়ে পরিস্থিতির উন্নতি হওয়ায় সেই সতর্কতা প্রত্যাহার করে নেওয়া হয়। টারনাটে শহরে ২ লাখেরও বেশি মানুষের বসবাস হওয়ায় ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে বলে স্থানীয় প্রশাসন আশঙ্কা করছে। ইতিমধ্যে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে জরুরি উদ্ধার তৎপরতা শুরু করা হয়েছে এবং আতঙ্কিত সাধারণ মানুষকে নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।