এপ্রিল ২, ২০২৬, ১১:৩২ এএম
রাশিয়ার বিরুদ্ধে সরাসরি সামরিক সংঘাতের প্রস্তুতি নিচ্ছে পশ্চিমা সামরিক জোট ন্যাটো। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা এমন গুরুতর অভিযোগ তুলেছেন। তাঁর দাবি, ন্যাটোর ক্রমবর্ধমান সামরিক ব্যয় এবং সাম্প্রতিক সময়ের ঘনঘন সামরিক মহড়া একটি সরাসরি যুদ্ধেরই ইঙ্গিত দিচ্ছে।
রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাসের বরাত দিয়ে তাঁর এই অবস্থান বিশ্বজুড়ে নতুন করে কূটনৈতিক ও সামরিক উদ্বেগের সৃষ্টি করেছে।মারিয়া জাখারোভা বলেন, ন্যাটোর সাম্প্রতিক কার্যক্রম ও নথিবদ্ধ পরিসংখ্যানই প্রমাণ করে যে জোটটি আগামী বছরগুলোতে রাশিয়ার সাথে সরাসরি সংঘাতের ক্ষেত্র প্রস্তুত করছে।
ন্যাটোর ২০২৫ সালের কার্যক্রম প্রতিবেদনের কথা উল্লেখ করে তিনি জানান, বৈশ্বিক উত্তেজনা বৃদ্ধির নেপথ্যে এই সামরিক জোটের ভূমিকাই এখন সবচেয়ে বেশি স্পষ্ট হয়ে উঠেছে। তাঁর মতে, ন্যাটোর বর্তমান নীতি ও আগ্রাসী মনোভাব বিশ্বশান্তির জন্য বড় ধরনের হুমকি হয়ে দাঁড়িয়েছে।
রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৫ সালে ন্যাটোর সম্ভাব্য সামরিক ব্যয় দাঁড়াতে পারে প্রায় ১ দশমিক ৬৪ ট্রিলিয়ন ডলারে। এটি জোটের ৩২টি সদস্য দেশের সম্মিলিত বৈশ্বিক সামরিক ব্যয়ের প্রায় ৬২ শতাংশ। জাখারোভা প্রশ্ন তোলেন, এত বিপুল পরিমাণ অর্থ ব্যয়ের পরও কেন বারবার আন্তর্জাতিক পরিমণ্ডলে রাশিয়াকে হুমকি হিসেবে দেখানো হচ্ছে। তিনি মনে করেন, ন্যাটোর এই বিশাল বাজেট মূলত একটি পরিকল্পিত যুদ্ধেরই প্রস্তুতি।
পরিসংখ্যান অনুযায়ী, গত বছর ন্যাটোর অধীনে ১২০টিরও বেশি সামরিক মহড়া অনুষ্ঠিত হয়েছে এবং সদস্য দেশগুলো পৃথকভাবে আরও ৭০০টির বেশি প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করেছে। জাখারোভার অভিযোগ, এসব মহড়ায় শুধুমাত্র প্রতিরক্ষামূলক নয় বরং সরাসরি আক্রমণাত্মক কৌশল এবং সংঘাতের মহড়া দেওয়া হচ্ছে। পাশাপাশি ন্যাটোর আকাশসীমা লঙ্ঘন বা সাইবার হামলার মতো অভিযোগগুলোকেও তিনি সম্পূর্ণ ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছেন। রাশিয়ার এই কড়া বক্তব্য ন্যাটো ও রাশিয়ার মধ্যকার বিদ্যমান উত্তেজনাকে আরও জটিল করে তুলবে বলে ধারণা করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন