বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬,

পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে ইরানি প্রতিনিধিদলের বৈঠক

আন্তর্জাতিক ডেস্ক

এপ্রিল ১১, ২০২৬, ০৪:১৯ পিএম

পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে ইরানি প্রতিনিধিদলের বৈঠক

ইসলামাবাদে দ্বিপাক্ষিক বৈঠকে দুই নেতা

পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সঙ্গে এক উচ্চপর্যায়ের বৈঠকে মিলিত হয়েছে ইরানের একটি শক্তিশালী প্রতিনিধিদল। শনিবার ভোরে ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফের নেতৃত্বে এই দলটি ইসলামাবাদে পৌঁছায়। প্রতিনিধিদলটিতে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি ছাড়াও প্রতিরক্ষা কাউন্সিলের সচিবদেশটির কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর এবং বেশ কয়েকজন প্রভাবশালী আইনপ্রণেতা অন্তর্ভুক্ত রয়েছেন। 

ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা তাসনিম এই বৈঠকের খবরটি নিশ্চিত করেছে।বৈঠকে দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়, বিশেষ করে অর্থনৈতিক সহযোগিতা এবং আঞ্চলিক নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে বলে জানা গেছে। 

ইরানের প্রতিনিধিদল এমন এক সময়ে পাকিস্তান সফর করছে যখন প্রতিবেশী দেশগুলোর মধ্যে কূটনৈতিক সম্পর্ক জোরদারের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। দুই পক্ষই মধ্যপ্রাচ্যের বর্তমান ভূ-রাজনৈতিক পরিস্থিতি এবং অভিন্ন নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় একমত পোষণ করেছে বলে সরকারি সূত্রে জানা গেছে।

কূটনৈতিকভাবে এই সফরটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন আন্তর্জাতিক রাজনৈতিক বিশ্লেষকরা। বিশেষ করে একই সময়ে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের আমেরিকান প্রতিনিধিদলও ইসলামাবাদে অবস্থান করছে। একই সময়ে এবং একই শহরে ইরান ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদলের এই অবস্থানকে ঘিরে আঞ্চলিক রাজনীতির নতুন সমীকরণ তৈরি হতে পারে বলে ধারণা করা হচ্ছে। যদিও দুই দেশের প্রতিনিধিদের মধ্যে সরাসরি কোনো সাক্ষাতের খবর পাওয়া যায়নি, তবে পাকিস্তানের মধ্যস্থতায় কোনো পরোক্ষ আলোচনা চলছে কি না, তা নিয়ে কূটনৈতিক মহলে গুঞ্জন রয়েছে।

ইরানি সংবাদমাধ্যমগুলো জানিয়েছে যে স্পিকার গালিবাফ এবং পররাষ্ট্রমন্ত্রী আরাগচি পাকিস্তানের শীর্ষ নেতৃত্বের সঙ্গে আরও কয়েকটি বৈঠকে অংশ নেবেন। এসব বৈঠকে সীমান্ত নিরাপত্তা বৃদ্ধি, দ্বিপাক্ষিক বাণিজ্য বাড়ানো এবং জ্বালানি খাতের দীর্ঘমেয়াদী চুক্তিগুলো নিয়ে কার্যকর আলোচনা হওয়ার কথা রয়েছে। এছাড়া আফগানিস্তান পরিস্থিতি এবং মুসলিম বিশ্বের সামগ্রিক সংহতি বজায় রাখার বিষয়েও দুই দেশ নিজেদের অবস্থান পরিষ্কার করেছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ ইরানি প্রতিনিধিদের স্বাগত জানিয়ে প্রতিবেশীর সঙ্গে দীর্ঘস্থায়ী ও ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্কের কথা পুনর্ব্যক্ত করেছেন। বর্তমানে পুরো ইসলামাবাদের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।