এপ্রিল ১২, ২০২৬, ০৯:৪২ এএম
হরমুজ প্রণালি দিয়ে যেকোনো ধরনের সামরিক নৌযান চলাচলের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছে ইরানের প্রভাবশালী সামরিক বাহিনী ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর বা আইআরজিসি। সংস্থাটির নৌ-শাখা থেকে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়েছে, এই কৌশলগত জলপথ দিয়ে কোনো বিদেশি সামরিক জাহাজ পার হওয়ার চেষ্টা করলে তাদের চরম পরিণতির সম্মুখীন হতে হবে।
বর্তমানে শুধু নির্দিষ্ট কিছু শর্ত মেনে বেসামরিক জাহাজ চলাচলের অনুমতি দেওয়া হচ্ছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা তাসনিম নিউজ এজেন্সিতে প্রকাশিত ওই বিবৃতিতে আইআরজিসি স্পষ্ট করে দিয়েছে যে, হরমুজ প্রণালি সম্পূর্ণ বুদ্ধিমত্তার সঙ্গে নিয়ন্ত্রণ করার পূর্ণ কর্তৃত্ব তাদের রয়েছে।
একইসঙ্গে সামরিক জাহাজ চলাচলের ওপর এই বিধিনিষেধ অত্যন্ত কঠোরভাবে কার্যকর করা হবে বলেও জানানো হয়। তেহরানের পক্ষ থেকে এমন সময় এই হুঁশিয়ারি এলো যখন এই অঞ্চলের সমুদ্রসীমায় আধিপত্য নিয়ে দীর্ঘদিনের টানাপড়েন নতুন মাত্রা পেয়েছে।
এদিকে মার্কিন সামরিক বাহিনীর পক্ষ থেকে আজ ভোরে করা একটি দাবিকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে ইরান। যুক্তরাষ্ট্রের দাবি ছিল, তাদের দুটি সামরিক জাহাজ সফলভাবে এই প্রণালি অতিক্রম করতে সক্ষম হয়েছে। তবে আইআরজিসি এই দাবি নাকচ করে দিয়ে বলেছে, হরমুজ প্রণালি সম্পূর্ণ তাদের নজরদারিতে রয়েছে এবং মার্কিন দাবিটি বানোয়াট। তেহরান বলছে, বর্তমানে এই অঞ্চলে কঠোর নিরাপত্তা ব্যবস্থা বজায় রাখা হয়েছে।
উল্লেখ্য, হরমুজ প্রণালি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি সরবরাহ পথ হিসেবে পরিচিত। এই পথে যেকোনো ধরনের সামরিক উত্তেজনা বিশ্ববাজারে তেলের সরবরাহ ও দামের ওপর বড় ধরনের প্রভাব ফেলতে পারে। তেহরান বারবারই বলে আসছে যে, এই অঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব আঞ্চলিক দেশগুলোরই হওয়া উচিত। বিদেশি শক্তির উপস্থিতি পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে বলে ইরানের পক্ষ থেকে দাবি করা হয়েছে। স্থানীয় সূত্রগুলো জানায়, আইআরজিসি তাদের নৌ-টহল সংখ্যা আগের চেয়ে অনেক বৃদ্ধি করেছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন