এপ্রিল ১২, ২০২৬, ১১:৪২ পিএম
ইসলামাবাদে দীর্ঘ ২১ ঘণ্টার রুদ্ধদ্বার আলোচনা কোনো আনুষ্ঠানিক চুক্তি ছাড়াই শেষ হওয়ার পর বিশ্ব রাজনীতিতে নতুন মেরুকরণ শুরু হয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধংদেহী হুমকির মধ্যেই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জানিয়েছেন যে, ওয়াশিংটনের সঙ্গে একটি কার্যকর চুক্তি হওয়া এখনও অসম্ভব নয়।
রোববার (১২ এপ্রিল) রাতে দুই নেতার মধ্যে অনুষ্ঠিত এক ফোনালাপে এই ইতিবাচক কূটনৈতিক বার্তা উঠে আসে।ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, পুতিনের সঙ্গে ফোনালাপে পেজেশকিয়ান চলমান ভূ-রাজনৈতিক অস্থিরতা নিয়ে আলোচনা করেন।
বিশেষ করে ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিদের মধ্যে যে ম্যারাথন বৈঠক হয়েছে, তার ফলাফল নিয়ে বিস্তারিত তথ্য বিনিময় করেন তারা। পেজেশকিয়ান মনে করেন, কিছু বিষয়ে মতপার্থক্য থাকলেও সঠিক সম্মান ও মর্যাদার ভিত্তিতে একটি চুক্তিতে পৌঁছানো সম্ভব।
ক্রেমলিনের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, প্রেসিডেন্ট পুতিন মধ্যপ্রাচ্যের সংঘাত নিরসনে রাশিয়ার পক্ষ থেকে ‘পূর্ণাঙ্গ মধ্যস্থতাকারীর’ ভূমিকা পালন করার প্রস্তাব দিয়েছেন। পুতিন পুনর্ব্যক্ত করেছেন যে, মস্কো অঞ্চলের উত্তেজনা কমাতে এবং সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে রাজনৈতিক ও কূটনৈতিক সংলাপ এগিয়ে নিতে প্রস্তুত। রুশ প্রেসিডেন্ট মধ্যপ্রাচ্যে একটি ‘ন্যায্য ও স্থায়ী শান্তি’ প্রতিষ্ঠার লক্ষ্যে বৃহত্তর আন্তর্জাতিক প্রচেষ্টার প্রতি তাঁর অকুণ্ঠ সমর্থন জানিয়েছেন।
রয়া নিউজের এক প্রতিবেদন অনুযায়ী, পুতিন ও পেজেশকিয়ানের এই ফোনালাপ কেবল দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নয়ন নয়, বরং মধ্যপ্রাচ্যের সংকটে রাশিয়ার সক্রিয় উপস্থিতি এবং নিজেকে একজন প্রভাবশালী মধ্যস্থতাকারী হিসেবে প্রতিষ্ঠিত করারই একটি বড় কৌশল। আন্তর্জাতিক মহল যখন ট্রাম্পের কঠোর অবরোধের ঘোষণায় উদ্বিগ্ন, তখন রাশিয়ার এই উদ্যোগ সংঘাতের ঝুঁকি কিছুটা হলেও প্রশমিত করতে পারে বলে ধারণা করা হচ্ছে।
বিশ্লেষকরা মনে করছেন, ইরানের প্রেসিডেন্ট হয়তো পুতিনের মাধ্যমে যুক্তরাষ্ট্রের ওপর একটি পরোক্ষ কূটনৈতিক চাপ সৃষ্টি করতে চাইছেন। পেজেশকিয়ানের এই ‘চুক্তি অসম্ভব নয়’ মন্তব্যটি মূলত ট্রাম্পের চরমপন্থা ও সামরিক হুমকির বিপরীতে একটি শান্তিবাদী কূটনৈতিক কার্ড। এখন দেখার বিষয়, রাশিয়ার মধ্যস্থতা প্রস্তাব ডোনাল্ড ট্রাম্প কতটা ইতিবাচকভাবে গ্রহণ করেন।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন