বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬,

যেকোনো সময় যুদ্ধবিরতি ভেঙে যেতে পারে: নেতানিয়াহু

আন্তর্জাতিক ডেস্ক

এপ্রিল ১৩, ২০২৬, ০৯:২৩ পিএম

যেকোনো সময় যুদ্ধবিরতি ভেঙে যেতে পারে: নেতানিয়াহু

বেনিয়ামিন নেতানিয়াহু

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান ভঙ্গুর যুদ্ধবিরতি যেকোনো মুহূর্তে ভেঙে যেতে পারে বলে কড়া হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সোমবার মন্ত্রিসভার নিয়মিত বৈঠকের শুরুতে দেওয়া বক্তব্যে তিনি এই আশঙ্কার কথা ব্যক্ত করেন। আন্তর্জাতিক সংবাদমাধ্যম দ্য টাইমস অফ ইসরায়েলের এক প্রতিবেদন থেকে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।

নেতানিয়াহু জানান, সম্প্রতি পাকিস্তানে ইরানের প্রতিনিধিদলের সাথে মার্কিন কর্মকর্তাদের আলোচনা শেষে দেশে ফেরার পথে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স তাকে সার্বিক পরিস্থিতি সম্পর্কে অবহিত করেছেন। 

জে ডি ভ্যান্সের বরাত দিয়ে ইসরায়েলি প্রধানমন্ত্রী বলেন, ইরান আলোচনার জন্য নির্ধারিত শর্তগুলো ভঙ্গ করেছে। মূলত মার্কিন প্রতিনিধিরা ইরানকে যুদ্ধবিরতি মেনে চলার পাশাপাশি হরমুজ প্রণালি সম্পূর্ণরূপে নৌ চলাচলের জন্য খুলে দেওয়ার প্রস্তাব দিয়েছিলেন। কিন্তু তেহরান এই শর্ত মানতে অস্বীকৃতি জানানোয় ওয়াশিংটন আর আলোচনা চালিয়ে নিতে আগ্রহী হয়নি।

ইসরায়েলি প্রধানমন্ত্রীর দাবি অনুযায়ী, যুক্তরাষ্ট্রের প্রধান লক্ষ্য হচ্ছে ইরানের পারমাণবিক সক্ষমতা ও ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম পুরোপুরি বন্ধ করা। একই সাথে তারা ইরানের কাছে বর্তমানে মজুত থাকা ইউরেনিয়ামও অপসারণ করতে চায়। যুক্তরাষ্ট্র কোনোভাবেই নিকট ভবিষ্যতে ইরানে আর কোনো ধরনের পারমাণবিক উন্নয়ন কর্মসূচি দেখতে রাজি নয় বলে তিনি উল্লেখ করেন।

এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের গুরুত্বপূর্ণ বন্দরগুলোতে নৌ অবরোধ আরোপের যে ঘোষণা দিয়েছেন, তাতে পূর্ণ সমর্থন জানিয়েছে ইসরায়েল। নেতানিয়াহু বলেন, এ বিষয়ে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র অত্যন্ত নিবিড়ভাবে সমন্বয় করে কাজ করছে। সম্প্রতি দুই দেশের সম্পর্কে ফাটল ধরার যে খবর রটেছে, সেটিকে পুরোপুরি ভিত্তিহীন বলে উড়িয়ে দেন তিনি। নেতানিয়াহুর মতে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সম্পর্ক এখন অতীতের যেকোনো সময়ের চেয়ে অনেক বেশি শক্তিশালী অবস্থানে রয়েছে।

উল্লেখ্য যে, ইরানের পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে দীর্ঘদিন ধরেই ওয়াশিংটনের সাথে তেহরানের সংঘাত চলছে। গত ফেব্রুয়ারিতে টানা ২১ দিন আলোচনার পরও কোনো সমঝোতা না হওয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। এরপর ইরানে শুরু হওয়া সামরিক অভিযানে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হন। এক মাসের বেশি সময় রক্তক্ষয়ী যুদ্ধের পর গত ৭ এপ্রিল একটি সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা করা হয়েছিল। তবে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে অনুষ্ঠিত সাম্প্রতিক আলোচনা ব্যর্থ হওয়ায় এই অঞ্চলে আবারও বড় ধরনের যুদ্ধের মেঘ জমছে বলে মনে করছেন বিশ্লেষকরা।