এপ্রিল ১৯, ২০২৬, ০৩:০৯ পিএম
বাংলাদেশে নিযুক্ত ভারতের বর্তমান হাইকমিশনার প্রণয় ভার্মার স্থলাভিষিক্ত হতে যাচ্ছেন দেশটির সাবেক কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপি নেতা দিনেশ ত্রিবেদী। এর আগে বিহারের সাবেক গভর্নর আরিফ মোহাম্মদ খানের নাম শোনা গেলেও রোববার (১৯ এপ্রিল) ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্থান টাইমস জানিয়েছে যে, মোদি সরকার শেষ পর্যন্ত দিনেশ ত্রিবেদীকে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে।
দীর্ঘ বিরতির পর প্রতিবেশী কোনো দেশে একজন পেশাদার কূটনীতিকের পরিবর্তে রাজনৈতিক ব্যক্তিত্বকে দূত হিসেবে পাঠানোর এই পদক্ষেপকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা।
প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমান হাইকমিশনার প্রণয় ভার্মা ইউরোপীয় ইউনিয়নে ভারতের রাষ্ট্রদূত হিসেবে ব্রাসেলসে দায়িত্ব নিতে যাচ্ছেন। তার জায়গায় ৭৫ বছর বয়সী দিনেশ ত্রিবেদীর নিয়োগের প্রক্রিয়াটি এখন চূড়ান্ত পর্যায়ে রয়েছে এবং প্রথা অনুযায়ী এর আগে বাংলাদেশ সরকারের আনুষ্ঠানিক সম্মতি চাওয়া হবে।
দিনেশ ত্রিবেদীর বর্ণাঢ্য রাজনৈতিক ক্যারিয়ার রয়েছে। তিনি ইউপিএ সরকারের আমলে ভারতের রেলমন্ত্রী এবং স্বাস্থ্য ও পরিবারকল্যাণ প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। দীর্ঘ সময় তৃণমূল কংগ্রেসের সাথে যুক্ত থাকলেও ২০২১ সালের শুরুর দিকে তিনি পদত্যাগ করেন এবং পরবর্তীতে বিজেপিতে যোগ দেন।পররাষ্ট্র বিশেষজ্ঞদের মতে, প্রতিবেশী রাষ্ট্রগুলোর সাথে সম্পর্ক উন্নয়নের প্রচেষ্টায় ভারত এখন অভিজ্ঞ ও প্রভাবশালী রাজনৈতিক নেতাদের গুরুত্ব দিচ্ছে। দিনেশ ত্রিবেদীর মতো একজন জ্যেষ্ঠ নেতাকে ঢাকায় পাঠানো ভারতের পক্ষ থেকে একটি শক্তিশালী কূটনৈতিক বার্তা হিসেবে দেখা হচ্ছে।
এতে বোঝা যায় যে, মোদি সরকার বাংলাদেশের সাথে দ্বিপাক্ষিক সম্পর্ককে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। এর আগে ২০১৯ সালে ভারতের সাবেক সেনাপ্রধান দলবীর সিং সুহাগকেও সেশেলসে হাইকমিশনার হিসেবে পাঠিয়ে অনুরূপ একটি কূটনৈতিক নজির তৈরি করেছিল নয়াদিল্লি।ভারতীয় গণমাধ্যম বলছে, দিনেশ ত্রিবেদীকে নিয়োগের এই সিদ্ধান্ত ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কূটনীতিকদের জন্যও একটি বিশেষ বার্তা।
সাধারণত পেশাদার আমলারা এই দায়িত্ব পালন করলেও বিশেষ বিশেষ ক্ষেত্রে রাজনৈতিক নিয়োগের মাধ্যমে দ্বিপাক্ষিক সম্পর্কের গভীরতা প্রকাশ করা হয়। বাংলাদেশের বর্তমান রাজনৈতিক ও কৌশলগত প্রেক্ষাপটে অভিজ্ঞ এই নেতার নিয়োগ ভারতের নতুন কূটনৈতিক ধারারই বহিঃপ্রকাশ বলে মনে করা হচ্ছে। শীঘ্রই এই বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন