মে ২০, ২০২৬, ০৯:০২ পিএম
ভারত-বাংলাদেশ সীমান্তে কাঁটাতার নির্মাণের কাজ দ্রুত এগিয়ে নিতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ২৭ কিলোমিটার এলাকার জমি বিএসএফকে দেওয়ার ঘোষণা দিয়েছেন। সীমান্ত সুরক্ষা নিশ্চিত করা এবং অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে তিনি জানিয়েছেন। বুধবার এ সংক্রান্ত এক ঘোষণায় তিনি দ্রুত কাজ সম্পন্ন করার কথা উল্লেখ করেন।
দুই সপ্তাহের মধ্যেই বিএসএফকে এই জমি হস্তান্তরের প্রক্রিয়া শুরু হবে।শুভেন্দু অধিকারীর তথ্য অনুযায়ী, রাজ্যের মোট দুই হাজার ২০০ কিলোমিটার সীমান্তের মধ্যে প্রায় এক হাজার ৬০০ কিলোমিটারে কাঁটাতার রয়েছে। বাকি ৬০০ কিলোমিটার এলাকার কাজ দীর্ঘদিন ধরে অসম্পূর্ণ।
তিনি অভিযোগ করে বলেন, ৫৫৫ কিলোমিটার এলাকায় জমি দেওয়ার সুযোগ থাকলেও রাজনৈতিক কারণে তা এতদিন আটকে রাখা হয়েছিল। এখন দক্ষ কর্মকর্তাদের সহযোগিতায় এই কাজ দ্রুত শেষ করা হবে।জমি হস্তান্তরের জন্য ভূমি ও রাজস্ব সচিব এবং মুখ্যসচিবকে ৪৫ দিনের সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে।
নাগরিকত্ব সংশোধনী আইন বা সিএএ নিয়ে কথা বলতে গিয়ে তিনি জানান, যারা এই আইনের আওতাভুক্ত নয়, তাদের অনুপ্রবেশকারী হিসেবে গণ্য করা হবে। এমন ব্যক্তিদের চিহ্নিত করে রাজ্য পুলিশ বিএসএফের হাতে তুলে দেবে এবং পরবর্তীতে তাদের দেশ থেকে বের করে দেওয়া হবে। শুভেন্দুর এই ঘোষণায় রাজ্যের রাজনৈতিক অঙ্গনে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।
তথ্যসূত্র: আনন্দবাজার পত্রিকা

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন