মে ২৫, ২০২৬, ১০:৩৭ পিএম
অ্যাঙ্গোলার উত্তর-পশ্চিমাঞ্চলীয় বেঙ্গো প্রদেশে একটি অবৈধ স্বর্ণখনিতে ভূমিধসের ঘটনায় অন্তত ২৮ জন নিহত হয়েছেন। গত শনিবার খনিটি ধসে পড়ার পর উদ্ধারকারীরা অনুসন্ধান চালিয়ে এই মরদেহগুলো উদ্ধার করেন। নিহতদের মধ্যে ১৩ জনই একই পরিবারের সদস্য বলে নিশ্চিত করেছে স্থানীয় কর্তৃপক্ষ।
উদ্ধার অভিযান ইতিমধ্যে সম্পন্ন হয়েছে।প্রাদেশিক সিভিল প্রোটেকশন ও ফায়ার সার্ভিস জানিয়েছে, নিহতদের বয়স ১৬ থেকে ৪৫ বছরের মধ্যে। ঘটনার পর চারজনকে জীবিত উদ্ধার করা গেলেও বাকিরা খনির ধ্বংসস্তূপে চাপা পড়েন।
পুলিশ জানায়, খনিটি অনিয়ন্ত্রিত থাকায় স্বর্ণ উত্তোলনের সময় হঠাৎ ধস নামে। বর্তমানে ওই এলাকায় প্রায় ৭ হাজার খনিশ্রমিক স্বর্ণ আহরণ কার্যক্রমে জড়িত রয়েছে বলে ধারণা করা হচ্ছে।
বেঙ্গো প্রদেশে অবৈধ খননকার্য একটি বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে।আফ্রিকার অন্যতম হীরা উৎপাদনকারী দেশ হলেও অ্যাঙ্গোলা এখন স্বর্ণ ও তামার মতো ধাতব সম্পদের দিকে ঝুঁকছে। বিশ্ববাজারে হীরার চাহিদার পরিবর্তন আসায় ক্ষুদ্র পরিসরে স্বর্ণ উত্তোলনের প্রবণতা বাড়ছে।
দেশটির সরকার খনি শিল্পে বৈচিত্র্য আনার উদ্যোগ নিলেও অধিকাংশ কার্যক্রমই এখনো অনিয়ন্ত্রিত ও ঝুঁকিপূর্ণ। এই ঘটনা খনি শ্রমিকদের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগের সৃষ্টি করেছে।নিহতদের দেহাবশেষ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন