মে ২৭, ২০২৬, ০২:২৫ পিএম
বিশ্বজুড়ে শান্তি ও স্থিতিশীলতার বিশেষ প্রার্থনার মধ্য দিয়ে পাকিস্তানে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হচ্ছে। বুধবার দেশজুড়ে বিভিন্ন ঐতিহাসিক মসজিদ ও খোলা মাঠের ঈদগাহে সকাল থেকেই মুসল্লিদের উপচে পড়া ভিড় দেখা যায়। ঈদের প্রধান জামাতগুলোতে দেশের অর্থনৈতিক সমৃদ্ধি কামনার পাশাপাশি ফিলিস্তিন ও কাশ্মীরের নিপীড়িত মুসলমানদের কল্যাণে মোনাজাত করা হয়।
মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ ও রক্তক্ষয়ী সংঘাত বন্ধের আহ্বান জানান ধর্মীয় আলেমরা।নামাজ শেষ করে মুসল্লিরা একে অপরের সঙ্গে আলিঙ্গন ও কুশল বিনিময় করেন এবং সামর্থ্য অনুযায়ী পশু কোরবানি দেন।
পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ, প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি এবং সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন। প্রধানমন্ত্রী তাঁর বার্তায় নাগরিকদের উৎসবের এই দিনে সুবিধাবঞ্চিত ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর জন্য বিশেষ তাগিদ দেন।
একই সাথে তিনি বৈশ্বিক মঞ্চে ফিলিস্তিনের সার্বভৌমত্ব ও মানবিক সংকটের পক্ষে পাকিস্তানের দৃঢ় অবস্থান পুনর্ব্যক্ত করেন।প্রেসিডেন্ট জারদারিও জাতীয় ঐক্য ও সহনশীলতার ওপর গুরুত্বারোপ করেছেন।তিনি বলেন, প্রকৃত সফলতা কেবল সম্পদ বা ক্ষমতায় নয়, বরং মানুষের প্রতি সহমর্মিতা ও সেবার মানসিকতায় নিহিত।
এদিকে দেশটির সশস্ত্র বাহিনীর মিডিয়া উইং আইএসপিআর জানিয়েছে, সামরিক বাহিনীর পক্ষ থেকে শহীদ পরিবারগুলোর প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়েছে। দেশের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় সেনাবাহিনী নিজেদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে বিশেষ মোনাজাত সম্পন্ন করে।
তথ্যসূত্র: জিও নিউজ


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন