মে ৩০, ২০২৬, ০৫:৩৩ পিএম
নেদারল্যান্ডসের রটারডাম শহরে একটি মসজিদে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। গত বৃহস্পতিবার রাতে আনুমানিক ১০টা ৪০ মিনিটে মেভলানা মসজিদে এই হামলার ঘটনা ঘটে।শুক্রবার দেশটির ইসলামিক ফাউন্ডেশন এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে।
বিবৃতি অনুযায়ী, ঘটনার সময় প্রায় ছয়জন হামলাকারী মেভলানা মসজিদের একটি মোজাইক দেয়াল নষ্ট করে। এর পাশাপাশি দুষ্কৃতকারীরা ভবনটির দিকে বিয়ারের বোতল ছুড়ে mারে এবং এর সামনের অংশে অশোভন আচরণ করে। এই ঘটনার পর মসজিদ কর্তৃপক্ষ বারবার পুলিশকে ফোন করলেও হামলাকারীরা এলাকা ছেড়ে যাওয়ার পরেই কেবল পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়।
ঘটনাস্থলে পৌঁছানো পুলিশ কর্মকর্তারা এই ঘটনাকে এমন কোনো হুমকি হিসেবে দেখেননি যাতে তাৎক্ষণিক হস্তক্ষেপের প্রয়োজন ছিল বলে ইসলামিক ফাউন্ডেশন অভিযোগ করেছে। পুলিশের এই ধরনের মূল্যায়ন বোঝা কঠিন এবং ইবাদতকারীদের নিরাপত্তা নিশ্চিত করা ও সকল পরিস্থিতিতে নির্ভয়ে ধর্ম পালনের অধিকার রক্ষা করা উচিত বলে তারা মনে করে। হামলার পাশাপাশি পুলিশের সাড়া প্রদানে বিলম্ব এখন গুরুতর উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।
মুসলিম ও উপাসনালয় লক্ষ্য করে হামলার সংখ্যা বৃদ্ধি পাওয়ায় মুসল্লিরা ক্রমবর্ধমানভাবে হুমকির সম্মুখীন হচ্ছেন। ইসলামিক ফাউন্ডেশন ইতিমধ্যে এই হামলার বিষয়ে একটি আনুষ্ঠানিক ফৌজদারি অভিযোগ দায়ের করেছে এবং ঘটনাটিকে অগ্রাধিকার ভিত্তিতে তদন্ত করার জন্য প্রশাসনের কাছে অনুরোধ জানিয়েছে।

-20260530042324.jpg)
দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন