জুন ৮, ২০২৬, ০৮:১৫ পিএম
হরমুজ প্রণালিতে নৌ চলাচলের স্বাধীনতা বাধাগ্রস্ত করার অভিযোগে ইরানের ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে ইউরোপীয় ইউনিয়ন। সোমবার এক বিবৃতিতে ইইউ জানায়, বিশ্বের মোট তেল পরিবহনের প্রায় এক-পঞ্চমাংশ যে প্রণালি দিয়ে অতিক্রম করে, সেখানে হুমকি তৈরি করায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
নিষেধাজ্ঞার আওতায় আনা হয়েছে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের একটি নৌ ইউনিট এবং দুই ইরানি নাগরিককে। তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে আইআরজিসি নৌবাহিনীর হরমোজগান প্রাদেশিক কমান্ড।
এছাড়া মোহাম্মদ আকবরজাদেহ এবং হামিদ হোসেইনি নামের দুই ব্যক্তির ওপরও বিধিনিষেধ আরোপ করা হয়েছে।ইইউর তথ্যমতে, আকবরজাদেহ আইআরজিসি নৌবাহিনীর রাজনৈতিক বিষয়ক উপ-কমান্ডার এবং হোসেইনি ইরানের তেল-গ্যাস ও পেট্রোকেমিক্যাল পণ্য রপ্তানিকারক ইউনিয়নের প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন।
নৌ চলাচলের স্বাধীনতা সীমিত করার অভিযোগে ইরানের বিরুদ্ধে নতুন আইনি ক্ষমতা ব্যবহারের এটিই প্রথম ঘটনা। এই নিষেধাজ্ঞার ফলে সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোতে থাকা সম্পদ জব্দ করা হবে। পাশাপাশি তাদের ভ্রমণের ওপরও কড়াকড়ি আরোপ করা হয়েছে।
ইরানের পক্ষ থেকে এই নিষেধাজ্ঞার বিষয়ে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে হরমুজ প্রণালিতে নিরাপত্তা ও নৌ চলাচলের ইস্যুটি নিয়ে মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যেই এই নতুন পদক্ষেপ নিল ইউরোপের এই জোট।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন