বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬,

আল-আকসা মসজিদে ইসরায়েলি বাহিনীর হামলা

দিনাজপুর টিভি ডেস্ক

জুলাই ২, ২০২৬, ০৬:০২ পিএম

আল-আকসা মসজিদে ইসরায়েলি বাহিনীর হামলা

জেরুজালেমের আল-আকসা মসজিদে হামলা চালিয়েছে ইহুদি দখলদাররা। ফিলিস্তিনের জেরুজালেম গভর্নরেট জানিয়েছে, গত ১ জুলাই বুধবার বেশ কয়েক ডজন অবৈধ বসতি স্থাপনকারী মসজিদ চত্বরে হামলা চালিয়ে উসকানিমূলক পরিভ্রমণ ও আচার-অনুষ্ঠান পালন করেছে। আল জাজিরার তথ্য অনুযায়ী, আল-আকসা মসজিদে তাদের জোরপূর্বক এই প্রবেশে সরাসরি সুরক্ষা দিয়েছে ইসরায়েলি পুলিশ। 

ফিলিস্তিনের সরকারি সংবাদ সংস্থা ওয়াফার বরাতে এ খবর নিশ্চিত করা হয়েছে।এটি মুসলমানদের জন্য তৃতীয় পবিত্রতম স্থান।আল-আকসা চত্বরটি পূর্ব জেরুজালেমের একটি মালভূমিতে অবস্থিত। ১৯৬৭ সালের ছয় দিনের যুদ্ধের পর থেকে ইসরায়েল এটি দখল করে রেখেছে, তবে আন্তর্জাতিক সম্প্রদায়ের অধিকাংশই এই দখলদারিত্বকে স্বীকৃতি দেয়নি। 

মসজিদটিতে ডোম অফ দ্য রকসহ ইসলামের গুরুত্বপূর্ণ পবিত্র স্থাপনা রয়েছে। ইহুদিরা এলাকাটিকে ‘টেম্পল মাউন্ট’ হিসেবে দাবি করে এবং সেখানে দুটি প্রাচীন উপাসনালয় ছিল বলে তারা মনে করে।আন্তর্জাতিক গণমাধ্যম ও বিভিন্ন সংবাদ সংস্থার প্রতিবেদন অনুযায়ী, নিয়মিত ব্যবধানেই এমন উসকানিমূলক কর্মকাণ্ড পরিচালনা করা হচ্ছে। 

এ ধরনের পদক্ষেপ ওই অঞ্চলে উত্তেজনা আরও বাড়িয়ে তুলছে। আন্তর্জাতিক সম্প্রদায়ের আহ্বান উপেক্ষা করে ইসরায়েলি বাহিনীর ছত্রছায়ায় এসব ঘটনা ঘটছে।ফিলিস্তিনিদের কাছে আল-আকসা তাদের সার্বভৌমত্ব ও ধর্মীয় বিশ্বাসের কেন্দ্রবিন্দু। ইসরায়েলের এই উসকানিমূলক কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে আসছে বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক সংস্থা। মধ্যপ্রাচ্যের অস্থির পরিস্থিতিতে এ ধরনের ঘটনায় নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।