জুলাই ২২, ২০২৬, ০২:১৪ পিএম
দিল্লিতে চলমান বিক্ষোভ ও আন্দোলনের প্রেক্ষাপটে নিরাপত্তাব্যবস্থা জোরদার করার অংশ হিসেবে ষোলোটি মেট্রো স্টেশন সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। ককরোচ জনতা পার্টির বা সিজেপির কর্মসূচিকে কেন্দ্র করে উদ্ভূত পরিস্থিতিতে এই কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই স্টেশনগুলোতে কোনো ট্রেন থামবে না বলে দিল্লি মেট্রো রেল করপোরেশন জানিয়েছে।
বুধবার সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে এক বার্তার মাধ্যমে এই তথ্য জানানো হয়।ডিএমআরসির পক্ষ থেকে জানানো হয়েছে, লোক কল্যাণ মার্গ, রাজীব চৌক, প্যাটেল চৌক, রামকৃষ্ণ আশ্রম মার্গ, বারাখাম্বা রোড, সুপ্রিম কোর্ট, সেবা তীর্থ, জনপথ, মান্ডি হাউস, সেন্ট্রাল সেক্রেটারিয়েট, আইটিও, দিল্লি গেট, ইন্দ্রপ্রস্থ, খান মার্কেট, জোর বাগ এবং শিবাজি স্টেডিয়াম মেট্রো স্টেশন পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে।
তবে এর মধ্যে রাজীব চৌক, মান্ডি হাউস ও সেন্ট্রাল সেক্রেটারিয়েট স্টেশনে যাত্রীরা কেবল লাইন পরিবর্তন বা ইন্টারচেঞ্জ করার সুযোগ পাবেন। এসব স্টেশনে সাধারণ যাত্রীদের প্রবেশ বা প্রস্থান সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে।
যন্তর মন্তরে চলা অবস্থান কর্মসূচি ঘিরে যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতেই এই অতিরিক্ত নিরাপত্তা সতর্কতা গ্রহণ করা হয়েছে। পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আলোচনার মাধ্যমে স্টেশনগুলো পুনরায় চালুর বিষয়ে পরবর্তী নির্দেশনা জারি করবে। আন্দোলনের কারণে সাধারণ যাত্রীদের যাতায়াতে সাময়িক এই অসুবিধার জন্য কর্তৃপক্ষ দুঃখ প্রকাশ করেছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন