শনিবার, ০৩ অক্টোবর, ২০২৬,
পর্তুগাল বিমানঘাঁটি

যুক্তরাষ্ট্রকে ঘাঁটি ব্যবহার করতে দিয়ে বিপাকে পর্তুগাল সরকার

আন্তর্জাতিক ডেস্ক

অক্টোবর ৩, ২০২৬, ০৮:৩১ পিএম

যুক্তরাষ্ট্রকে ঘাঁটি ব্যবহার করতে দিয়ে বিপাকে পর্তুগাল সরকার

ইরানের সাথে মধ্যপ্রাচ্যের বর্তমান সংঘাতের প্রেক্ষাপটে মার্কিন সামরিক বাহিনীকে নিজেদের একটি কৌশলগত বিমানঘাঁটি ব্যবহারের অনুমতি দিয়ে তীব্র আইনি ও রাজনৈতিক সংকটে পড়েছে পর্তুগাল সরকার। মার্কিন ট্রানজিট ফ্লাইটগুলোর জন্য এই অনুমতি দেওয়ার পর এর আইনগত বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে এবং পর্তুগিজ প্রসিকিউটররা সরকারের এই সিদ্ধান্তের বিরুদ্ধে একটি আনুষ্ঠানিক তদন্ত শুরু করার ঘোষণা দিয়েছেন। বিরোধী দলগুলোর কঠোর অভিযোগের ফলেই বিচারকরা এই পদক্ষেপ নিতে বাধ্য হয়েছেন।

আটলান্টিক মহাসাগরের আজোরেস দ্বীপপুঞ্জের লাজেস বিমানঘাঁটি নিয়ে ১৯৫১ সাল থেকেই একটি দ্বিপাক্ষিক প্রতিরক্ষা চুক্তি কার্যকর রয়েছে। ওই চুক্তির শর্ত অনুযায়ী, শান্তিকালীন সময়ে মার্কিন যুক্তরাষ্ট্র কোনো পূর্বানুমতি ছাড়াই এই ঘাঁটি ব্যবহার করতে পারে, তবে যুদ্ধ বা শত্রুতা শুরু হলে লাজেস ঘাঁটির যেকোনো ব্যবহারের জন্য পর্তুগাল সরকারের সুনির্দিষ্ট অনুমোদন নেওয়া বাধ্যতামূলক। বর্তমান ইরান সংঘাতের আবহে প্রতিবেশী স্পেন মার্কিন ফ্লাইটগুলোর বিষয়ে সম্পূর্ণ দূরত্ব বজায় রাখলেও, পর্তুগালের কেন্দ্র-ডানপন্থী সরকার যুক্তরাষ্ট্রকে লাজেস বিমানঘাঁটি ব্যবহার করে ট্রানজিট ফ্লাইট পরিচালনার অনুমতি দেয়। সরকারের এই সিদ্ধান্ত বামপন্থী বিরোধী দলগুলোর মধ্যে তীব্র সমালোচনার জন্ম দেয় এবং বৈদেশিক নীতি নিয়ে লিসবনে রাজনৈতিক বিতর্ক শুরু হয়।

এরই জেরে ‍‍`লেফট ব্লক‍‍`-এর সংসদ সদস্যরা গত এপ্রিল মাসে প্রসিকিউটরদের কাছে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেন যে, মার্কিন বাহিনীকে এই ঘাঁটি ব্যবহারের সুযোগ দেওয়া আন্তর্জাতিক আইনের গুরুতর লঙ্ঘন।

প্রসিকিউটর জেনারেলের অফিস থেকে তদন্ত শুরুর কথা জানানো হলেও অতিরিক্ত কোনো বিবরণ প্রকাশ করা হয়নি। পর্তুগালের প্রসিকিউটররা কঠোরভাবে ‍‍`আইনগত নীতি‍‍` বা প্রিন্সিপল অব লিগালিটির দ্বারা আবদ্ধ থাকায় যথেষ্ট আইনি ভিত্তি থাকলে তাদের তদন্ত করতেই হয়। পর্তুগালের পররাষ্ট্র মন্ত্রণালয় এই সংবেদনশীল বিষয়ে কোনো মন্তব্য না করলেও, পররাষ্ট্রমন্ত্রী পাওলো রাঙ্গেল এর আগে জানিয়েছিলেন যে পর্তুগাল এই সংঘাতে সরাসরি পক্ষ নয় এবং লাজেস ঘাঁটির ব্যবহার আন্তর্জাতিক আইনের সকল নিয়ম মেনেই সম্পন্ন হয়েছে। যুক্তরাষ্ট্র নিশ্চিত করেছিল যে সামরিক অভিযানগুলো একান্তই প্রতিরক্ষামূলক এবং নির্দিষ্ট সামরিক লক্ষ্যবস্তুর মধ্যে সীমাবদ্ধ থাকবে। আজোরেসের লাজেস বিমানঘাঁটি মার্কিন ও ন্যাটো বাহিনীর যৌথ অভিযানের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কৌশলগত ট্রানজিট হাব হিসেবে কাজ করে আসছে।