বুধবার, ০৭ অক্টোবর, ২০২৬,
রসায়নে নোবেল

রসায়নে ২০২৬ সালের নোবেল পুরস্কার জিতলেন ফরাসি ও জাপানি দুই বিজ্ঞানী

আন্তর্জাতিক ডেস্ক

অক্টোবর ৭, ২০২৬, ০৩:৫৮ পিএম

রসায়নে ২০২৬ সালের নোবেল পুরস্কার জিতলেন ফরাসি ও জাপানি দুই বিজ্ঞানী

চলতি বছর রসায়নে নোবেল পুরস্কার জিতেছেন ফরাসি ও জাপানি দুই বিজ্ঞানী। তাঁরা হলেন ফরাসি রসায়নবিদ হেনরি কাগন এবং জাপানি রসায়নবিদ কেনসো সোয়াই। বুধবার বাংলাদেশ সময় দুপুর পৌনে চারটার দিকে বিজয়ীদের নাম ঘোষণা করে সুইডিশ অ্যাকাডেমি।

এর আগে, গত বছর রসায়নে নোবেল জেতেন তিন বিজ্ঞানী। তাঁরা হলেন সুসুমু কিতাগাওয়া, রিচার্ড রবসন এবং ওমর এম ইয়াগি। ‘মেটাল অর্গানিক ফ্রেমওয়ার্ক’ উদ্ভাবনের কারণে তাঁদের ওই বছর রসায়নে নোবেল দেওয়া হয় বলে জানায় সুইডিশ অ্যাকাডেমি।

এখন পর্যন্ত রসায়নে ১১৭ বার নোবেল পুরস্কার দেওয়া হয়েছে। এ ক্যাটাগরিতে সবচেয়ে বয়স্ক ব্যক্তি হিসেবে ২০১৮ সালে ৯৭ বছর বয়সে নোবেল জেতেন জন বি গুডএনাফ। অপরদিকে ১৯৩৫ সালে মাত্র ৩৫ বছর বয়সে সম্মানজনক এ পদক জেতেন ফেদ্রিক জোলিয়ট। সব মিলিয়ে ১৯৭ জন বিজ্ঞানী এ পর্যন্ত রসায়নশাস্ত্রে সর্বোচ্চ সম্মানজনক এ পদক পেয়েছেন। ১৯০১ সাল থেকে বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার হিসেবে নোবেল দেওয়া শুরু হয়।

এ পুরস্কারটির নামকরণ করা হয়েছে সুইডিশ বিজ্ঞানী আলফ্রেড নোবেলের নাম অনুসারে। ঊনবিংশ শতকের এই বিজ্ঞানী শক্তিশালী বিস্ফোরক ডিনামাইট আবিষ্কার করে বিপুল অর্থের মালিক হয়েছিলেন। তিনি উইল করে গিয়েছিলেন যে তাঁর যাবতীয় অর্থ থেকে যেন প্রতি বছর পদার্থ, রসায়ন, চিকিৎসা, শান্তি ও সাহিত্য—এই পাঁচটি খাতে বিশেষ অবদান রাখা ব্যক্তিদের পুরস্কার প্রদান করা হয়।

পরবর্তীতে ১৯৬৯ সাল থেকে এই পাঁচ বিভাগের সঙ্গে অর্থনীতিও যুক্ত করা হয়।