নভেম্বর ৬, ২০২৫, ১০:৩০ পিএম
মার্কিন রাজনীতির অন্যতম প্রভাবশালী ব্যক্তিত্ব এবং প্রথম নারী হাউস স্পিকার ন্যান্সি পেলোসি অবশেষে কংগ্রেস থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। বৃহস্পতিবার এক ভিডিও বার্তায় ৮৫ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার এই বর্ষীয়ান ডেমোক্র্যাট নেত্রী তার এই সিদ্ধান্তের কথা জানান।তিনি বলেন, “আমি আর কংগ্রেসে পুনর্নির্বাচনের জন্য প্রার্থী হচ্ছি না। ইতিহাস সৃষ্টি করেছি, অগ্রগতি অর্জন করেছি—এবং আমাদের গণতন্ত্র রক্ষায় এগিয়ে যেতে হবে।” তিনি তার প্রিয় শহর সান ফ্রান্সিসকোর উদ্দেশ্যে যোগ করেন, “তোমার শক্তি চিনে নাও।”
পেলোসি ১৯৮৭ সালে ৪৭ বছর বয়সে প্রথমবারের মতো সান ফ্রান্সিসকোর প্রতিনিধিত্ব করে কংগ্রেসে নির্বাচিত হন এবং দ্রুত দলের শীর্ষ সারিতে উঠে আসেন। ২০০৭ সালে তিনি প্রথম নারী হিসেবে হাউস স্পিকারের পদে নির্বাচিত হন, যা মার্কিন সংবিধান অনুযায়ী ভাইস-প্রেসিডেন্টের পর রাষ্ট্রপতির উত্তরসূরি হিসেবে দ্বিতীয় স্থানে থাকে। তিনি ২০১১ সাল পর্যন্ত প্রথম মেয়াদে দায়িত্ব পালন করেন এবং পরে ২০১৯ থেকে ২০২৩ সাল পর্যন্ত আবারও স্পিকার হিসেবে ফিরে আসেন।
পেলোসি তার দীর্ঘ রাজনৈতিক জীবনে অসংখ্য গুরুত্বপূর্ণ আইন পাসে নেতৃত্ব দিয়েছেন। তিনি বারাক ওবামার সময় স্বাস্থ্যসেবা আইন (“অ্যাফোর্ডেবল কেয়ার অ্যাক্ট”) পাসে মুখ্য ভূমিকা রাখেন। জো বাইডেন প্রশাসনের অধীনেও তিনি অবকাঠামো এবং জলবায়ু পরিবর্তন সংক্রান্ত একাধিক বিল পাসে সফলভাবে নেতৃত্ব দেন।
ডোনাল্ড ট্রাম্পের প্রেসিডেন্সির সময় পেলোসি তার অন্যতম প্রধান বিরোধী কণ্ঠ হিসেবে পরিচিত ছিলেন। সবচেয়ে আলোচিত ঘটনাগুলোর মধ্যে একটি ছিল ট্রাম্পের স্টেট অব দ্য ইউনিয়ন ভাষণের কপি তাঁর পেছনে দাঁড়িয়ে ছিঁড়ে ফেলা। যদিও শুরুতে ট্রাম্পের অভিশংসন প্রক্রিয়া শুরু করতে তিনি দ্বিধান্বিত ছিলেন, পরে ইউক্রেন নিয়ে ট্রাম্পের কার্যক্রম প্রকাশ পাওয়ায় তিনি এটিকে “ক্ষমতার অপব্যবহার” হিসেবে আখ্যা দেন এবং অভিশংসন প্রক্রিয়া শুরু করেন।
স্পিকার পদ ছাড়ার পরও পেলোসি রাজনীতিতে প্রভাবশালী থেকেছেন। তার এই অবসরের সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের কংগ্রেসে চার দশকেরও বেশি সময়ের এক ঐতিহাসিক যাত্রার সমাপ্তি টানল।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন