বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬,

সিরিয়ার প্রেসিডেন্ট শারার ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিলো জাতিসংঘ

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ৭, ২০২৫, ০৯:৫৭ এএম

সিরিয়ার প্রেসিডেন্ট শারার ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিলো জাতিসংঘ

সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারার ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিয়েছে জাতিসংঘ। একই সঙ্গে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী আনাস খাত্তাবের ওপর থেকেও নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে। বৃহস্পতিবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদে তাদেরকে নিষেধাজ্ঞা তালিকা থেকে বাদ দিতে একটি খসড়া প্রস্তাব গৃহীত হয়। এই খবর দিয়েছে বার্তা সংস্থা আনাদোলু।

মার্কিন যুক্তরাষ্ট্রের উত্থাপিত খসড়া প্রস্তাবটিতে ১৫ সদস্যবিশিষ্ট নিরাপত্তা পরিষদের মধ্যে ১৪ সদস্য পক্ষে ভোট দেয়। তবে চীন ভোটদানে বিরত ছিল।জাতিসংঘে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক ওয়াল্টজ এই প্রস্তাবকে স্বাগত জানিয়েছেন। তিনি বলেন, “এই প্রস্তাব গৃহীত হওয়ার মাধ্যমে নিরাপত্তা পরিষদ একটি শক্তিশালী রাজনৈতিক বার্তা দিচ্ছে, আর তাহলো সিরিয়া একটি নতুন যুগে প্রবেশ করছে।

তবে চীনের রাষ্ট্রদূত ফু কং এই প্রস্তাব নিয়ে তার দেশের উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, প্রস্তাবটি সকল পক্ষের যৌক্তিক উদ্বেগ মোকাবেলা করতে ব্যর্থ হয়েছে। তিনি যুক্তরাষ্ট্রকে উদ্দেশ্য করে আরও বলেন, প্রস্তাব উত্থাপণকারী দেশ সকল সদস্যের মতামতকে পুরোপুরি গুরুত্ব দেয়নি এবং নিজস্ব রাজনৈতিক এজেন্ডা পূরণের লক্ষ্যে পরিষদের সদস্যদের মধ্যে বিশাল মতপার্থক্য থাকা সত্ত্বেও পদক্ষেপ নিতে বাধ্য করেছে।

চীন সিরিয়ার নিরাপত্তা, স্থিতিশীলতা এবং উন্নয়নে দ্রুত গঠনমূলক ভূমিকা পালনের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে কাজ করতে প্রস্তুত বলেও জানান ফু কং।

উল্লেখ্য, আহমেদ আল-শারার নেতৃত্বে তার সংগঠন হায়াত তাহরির আল-শাম (এইচটিএস) গত বছরের ডিসেম্বরে সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে ক্ষমতাচ্যুত করে। এরপর আহমেদ আল-শারা দেশটির প্রেসিডেন্ট হন। একসময় আল-কায়েদার সহযোগী সংগঠন হিসেবে পরিচিত এই এইচটিএসকে যুক্তরাষ্ট্র গত জুলাইয়ে সন্ত্রাসী সংগঠনের তালিকা থেকে বাদ দেয়।