বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬,

ইরানে ইসরাইলি হামলার নেতৃত্বে ছিলাম আমি: ট্রাম্প

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ৭, ২০২৫, ১০:১৭ এএম

ইরানে ইসরাইলি হামলার নেতৃত্বে ছিলাম আমি: ট্রাম্প

চলতি বছরের জুনে ইরানে ইসরাইলের হামলায় সক্রিয়ভাবে জড়িত থাকার কথা স্বীকার করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প জানান, ইরানে ইসরাইলের হামলার নেতৃত্ব ছিলেন তিনি। এর আগে যুক্তরাষ্ট্র দাবি করেছিল যে ইসরাইল এককভাবে ইরানে হামলা চালিয়েছে। আল জাজিরার খবরে এই তথ্য জানানো হয়।

গত ১৩ জুন ইসরাইল বিনা উস্কানিতে ইরানে ভয়াবহ আক্রমণ শুরু করে। ওই হামলায় ইরানের বেশ কয়েকজন শীর্ষ জেনারেল ও পারমাণবিক বিজ্ঞানীর পাশাপাশি অনেক বেসামরিক ব্যক্তি নিহত হন। ইরানও দ্রুত পাল্টা জবাব দেয়।বৃহস্পতিবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, “ইসরাইল প্রথমে ইরানে হামলা চালায়। সেটা ছিল খুব শক্তিশালী আঘাত। আমি সেই হামলার নেতৃত্বে ছিলাম।

তিনি আরও বলেন, “ইরানে ওই হামলাটি ছিল ইসরাইলের জন্য বিশেষ একটি দিন। কারণ ওই হামলাতেই ইরানের সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে।”ইরান-ইসরাইলের যুদ্ধের প্রথমদিকে যুক্তরাষ্ট্র বারবার জোর দিয়ে বলেছিল যে তেলআবিব একতরফাভাবে হামলা চালিয়েছে। পরবর্তীতে অবশ্য ইরানের তিনটি প্রধান পারমাণবিক স্থাপনায় বোমা হামলা চালিয়ে ইসরাইলের সঙ্গে যুদ্ধে যোগ দেয় যুক্তরাষ্ট্র। কিন্তু সেই যুদ্ধের পাঁচ মাস পরে এসে মার্কিন প্রেসিডেন্ট নিজেই স্বীকার করলেন যে তার নেতৃত্বেই এই আক্রমণ পরিচালিত হয়েছিল।