ডিসেম্বর ২৩, ২০২৫, ০৮:০৩ পিএম
ইংরেজি জাতীয় দৈনিক ডেইলি স্টার পত্রিকার কার্যালয়ে সন্ত্রাসী হামলা, লুটপাট ও অগ্নিসংযোগের মামলায় গ্রেপ্তার হওয়া ৯ আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জামসেদ আলম উভয় পক্ষের শুনানি শেষে এই আদেশ দেন।
আদালত সূত্রে জানা গেছে, মামলার তদন্ত কর্মকর্তা তেজগাঁও থানার পরিদর্শক মো. আশিক ইকবাল আসামিদের আদালতে হাজির করে কারাগারে আটকে রাখার আবেদন জানান।
আসামি পক্ষের চারজন আইনজীবী জামিন চাইলে রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন তার তীব্র বিরোধিতা করেন। বিচারক জামিন আবেদন নামঞ্জুর করে ৯ জনকেই জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।
কারাগারে পাঠানো আসামিরা হলেন: মোহাম্মদ মাইনুল ইসলাম, জুলফিকার আলী সৌরভ, মো. আলমাস আলী, জুবায়ের হোসাইন, আয়নুল হক কাশেমী, আব্দুল রহমান পলাশ, মো. জান্নাতুল নাঈম, ক্বারি মুয়াজবীন আ. রহমান এবং মো. ফয়সাল আহমেদ।মামলার প্রেক্ষাপট ও ক্ষয়ক্ষতি: গত ১৯ ডিসেম্বর গভীর রাতে লাঠিসোঁটা ও দাহ্য পদার্থ নিয়ে একদল হামলাকারী ডেইলি স্টার ভবনে প্রবেশ করে তাণ্ডব চালায়। ভবনের একাধিক তলায় আগুন ধরিয়ে দেওয়ার পাশাপাশি ২০০টির বেশি ইলেকট্রনিক ডিভাইস এবং ৩৫ লাখ টাকা নগদ অর্থ লুট করা হয়।
ডেইলি স্টার কর্তৃপক্ষের দাবি অনুযায়ী, এই হামলায় সিসিটিভি ও অগ্নিনির্বাপণ ব্যবস্থাসহ প্রায় ৪০ কোটি টাকার অবকাঠামোগত ক্ষয়ক্ষতি হয়েছে। হামলার কারণে পরদিন পত্রিকার মুদ্রিত সংস্করণ প্রকাশ এবং প্রায় ১৭ ঘণ্টা অনলাইন কার্যক্রম বন্ধ ছিল।উল্লেখ্য, একই রাতে কারওয়ান বাজারে প্রথম আলো কার্যালয়ে হামলার ঘটনায়ও পৃথক মামলা দায়ের করা হয়েছে। সেই মামলায় গতকাল ১৫ জনকে এবং আজ নতুন করে আরও দুই আসামি (ইয়াসিন ও হাসেম)-কে কারাগারে পাঠানো হয়েছে। গণমাধ্যমের ওপর এ ধরনের ন্যাক্কারজনক হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বিভিন্ন সাংবাদিক সংগঠন।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন