বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬,

সেনা কর্মকর্তা রেদোয়ানসহ ৪ জনের বিরুদ্ধে বিচার শুরুর আদেশ

দিনাজপুর টিভি ডেস্ক

ডিসেম্বর ২৪, ২০২৫, ১২:৩০ পিএম

সেনা কর্মকর্তা রেদোয়ানসহ ৪ জনের বিরুদ্ধে বিচার শুরুর আদেশ

চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানে রাজধানীর রামপুরায় ২৮ জনকে নির্মমভাবে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সাবেক কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল রেদোয়ানুল ইসলামসহ ৪ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।

বুধবার (২৪ ডিসেম্বর) ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ আদেশ দেন।

প্যানেলের অন্য দুই সদস্য হলেন—বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ এবং অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

মামলার প্রধান আসামিরা হলেন: ১. লেফটেন্যান্ট কর্নেল রেদোয়ানুল ইসলাম (বিজিবির সাবেক কর্মকর্তা) ২. মেজর মো. রাফাত বিন আলম মুন (বিজিবি কর্মকর্তা) ৩. মো. রাশেদুল ইসলাম (ডিএমপির সাবেক এডিসি, খিলগাঁও অঞ্চল) ৪. মো. মশিউর রহমান (সাবেক ওসি, রামপুরা থানা)অভিযোগের বিবরণ: তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, গত জুলাই-আগস্ট মাসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রামপুরায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বেপরোয়া গুলিতে অন্তত ২৮ জন নিহত হন।

প্রত্যক্ষদর্শী ও তদন্ত সংস্থার তথ্যমতে, তৎকালীন বিজিবি কর্মকর্তা রেদোয়ানকে আন্দোলনকারীদের ওপর সরাসরি গুলি ছুড়তে দেখা গেছে এবং অন্য আসামিরা এই বর্বর হত্যাকাণ্ডের নেতৃত্ব ও নির্দেশ দিয়েছিলেন।প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। শুনানিতে তিনি আসামিদের বিরুদ্ধে সরাসরি হত্যাকাণ্ডে লিপ্ত থাকার তথ্য-প্রমাণ তুলে ধরেন। অন্যদিকে, আসামিপক্ষের আইনজীবীরা অভিযোগ থেকে অব্যাহতি চেয়ে আবেদন করলেও ট্রাইব্যুনাল তা নাকচ করে আনুষ্ঠানিকভাবে বিচার প্রক্রিয়ার কাজ শুরু করার নির্দেশ দেন। এর আগে গত ৮ অক্টোবর এই আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিলেন আদালত।