জানুয়ারি ৫, ২০২৬, ০৭:০২ পিএম
জুলাই গণঅভ্যুত্থানে রাজপথে অবিস্মরণীয় ভূমিকা পালনকারী ‘জুলাই কন্যা’ খ্যাত ১৭ বছরের কিশোরী তাহরিমা জান্নাত সুরভীকে জামিন দিয়েছেন গাজীপুরের আদালত। সোমবার (৫ জানুয়ারি) সন্ধ্যায় আইনজীবীদের আবেদনের প্রেক্ষিতে আদালত তাঁর জামিন মঞ্জুর করেন।
এর আগে সুরভীর বিরুদ্ধে সুনির্দিষ্ট প্রমাণ বা প্রাথমিক তদন্ত ছাড়াই একটি হয়রানিমূলক মামলা দায়ের করা হয়। মামলার পর আদালত তাঁকে দুই দিনের রিমান্ড প্রদান করলে দেশব্যাপী ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়।
একজন অপ্রাপ্তবয়স্ক আন্দোলনকারী কিশোরীকে তদন্তহীন রিমান্ডে নেওয়ার ঘটনায় মানবাধিকার কর্মী ও সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দেয়।
মামলাটিকে ‘মিথ্যা ও প্রতারণামূলক’ দাবি করে জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেওয়া বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠন সুরভীর মুক্তির দাবি জানিয়ে আসছিল। এই মিথ্যা মামলার নেপথ্যে স্বরাষ্ট্র উপদেষ্টার নাম ভাঙিয়ে প্রতারণার অভিযোগ উঠেছে মামলার বাদী কথিত সাংবাদিক নাইমুর রহমান দুর্জয়ের বিরুদ্ধে। একই সঙ্গে ঘটনার সঠিক তদন্ত না করেই রিমান্ড আবেদন করায় কালিয়াকৈর থানার উপ-পরিদর্শক (এসআই) ওমর ফারুকের বিরুদ্ধেও যথাযথ আইনী ব্যবস্থা নেওয়ার দাবি উঠেছে বিভিন্ন মহল থেকে।
সুরভীর আইনজীবীরা জানিয়েছেন, তাকে রাজনৈতিকভাবে হয়রানি করার উদ্দেশ্যে এই চক্রান্ত করা হয়েছিল। আন্দোলনকারী বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ বলেন, যারা জুলাই অভ্যুত্থানে জীবন বাজি রেখে লড়াই করেছে, তাদের এমন হয়রানি কোনোভাবেই মেনে নেওয়া যায় না। তারা অবিলম্বে মামলার বাদী ও সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় ও আইনি ব্যবস্থা নিশ্চিতের দাবি জানান।
সন্ধ্যায় জামিন পাওয়ার পর সুরভীর কারামুক্তির প্রক্রিয়া শুরু হয়েছে। তাঁর মুক্তির খবর ছড়িয়ে পড়লে আদালত প্রাঙ্গণে সমবেত ছাত্র-জনতার মধ্যে স্বস্তি দেখা দেয়।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন