জানুয়ারি ৭, ২০২৬, ১০:৩৭ এএম
জুলাই বিপ্লবের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে সাবেক আইসিটি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় এবং সাবেক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের বিরুদ্ধে আজ আনুষ্ঠানিক অভিযোগ গঠনের শুনানি অনুষ্ঠিত হবে।
বুধবার বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে গঠিত তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ এই শুনানি হওয়ার কথা রয়েছে।
এর আগে গত ৪ ডিসেম্বর আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হলেও সজীব ওয়াজেদ জয় আদালতে হাজির হননি। তাকে পলাতক বিবেচনা করে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রদানের পর গত ১৭ ডিসেম্বর তার পক্ষে রাষ্ট্রীয় আইনজীবী (স্টেট ডিফেন্স) নিয়োগের আদেশ দেয় আদালত।
অন্যদিকে, জুনায়েদ আহমেদ পলক অন্য মামলায় ইতিমধ্যে গ্রেপ্তার থাকায় তাকে ট্রাইব্যুনালে হাজির করে এই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন বিচারপতি শফিউল আলম মাহমুদ ও বিচারক মোহিতুল হক এনাম চৌধুরী।
আজ অভিযোগ গঠনের শুনানির মাধ্যমে এই মামলার বিচারিক কার্যক্রম পরবর্তী ধাপে প্রবেশ করবে। জুলাই আন্দোলনে সাধারণ মানুষের ওপর নির্যাতন ও অপরাধের মদদদাতা হিসেবে তাদের এই বিচারিক প্রক্রিয়ার মুখোমুখি করা হচ্ছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন