মে ২, ২০২৬, ১২:১৮ এএম
দেশের সর্ববৃহৎ বার ঢাকা আইনজীবী সমিতির (ঢাকা বার) ২০২৬-২৭ কার্যনির্বাহী পরিষদ নির্বাচনে বিএনপি সমর্থিত নীল প্যানেল সবকটি পদে নিরঙ্কুশ বিজয় লাভ করেছে। শুক্রবার (১ মে) রাত ১১টার দিকে নির্বাচনের এই বেসরকারি ফলাফল ঘোষণা করা হয়।নির্বাচন কমিশনার রায়হান মোর্শেদ এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করা হয়েছে এবং নির্বাচন কমিশন পরবর্তীতে আনুষ্ঠানিকভাবে ফলাফল প্রকাশ করবে।
এবারের নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ মোট ২৩টি পদের সবকটিতেই জয়ী হয়েছে বিএনপি ও গণঅধিকার পরিষদ সমর্থিত নীল প্যানেল।বিজয়ীদের মধ্যে সভাপতি পদে মো. আনোয়ার জাহিদ ভূঁইয়া এবং সাধারণ সম্পাদক পদে মোহাম্মদ আবুল কালাম খান নির্বাচিত হয়েছেন।
অন্যান্য পদের মধ্যে সিনিয়র সহসভাপতি রেজাউল করিম চৌধুরী, সহসভাপতি আবুল কালাম আজাদ, ট্রেজারার আনিসুজ্জামান আনিস, সিনিয়র সহসাধারণ সম্পাদক ইলতুমিশ সওদাগার আ্যনি এবং সহসাধারণ সম্পাদক মেহেদী হাসান জুয়েল জয়ী হয়েছেন।
লাইব্রেরি সেক্রেটারি খন্দকার মাকসুদুল হাসান, কালচারাল সেক্রেটারি মারজিয়া হিরা, অফিস সেক্রেটারি আফজাল হোসেন মৃধা, স্পোর্টস সেক্রেটারি সোহেল খান, সোশ্যাল ওয়েলফেয়ার সেক্রেটারি এ এইচ এম ফিরোজ এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সম্পাদক পদে শফিকুল ইসলাম শফিক নির্বাচিত হয়েছেন।কার্যকরী সদস্য পদে বিএনপি জোট থেকে জয়ী হয়েছেন ফারজানা ইয়াসমিন, নজরুল ইসলাম মামুন, আদনান রহমান, এ এইচ এম রেজাউনুল সৈয়দ রোমিও, মামুন মিয়া, আদনান রহমান, নিজামউদ্দিন, সামিউল, মোজাহিদুল ইসলাম সায়েম, শেখ শওকত হোসেন ও সৈয়দ সারোয়ার আলম নিশান।
অন্যদিকে জামায়াত ও এনসিপি সমর্থিত সবুজ প্যানেল সবকটি পদেই পরাজিত হয়েছে। পরাজিত প্রার্থীদের মধ্যে সভাপতি পদে এস এম কামাল উদ্দিন এবং সাধারণ সম্পাদক পদে আবু বক্কর সিদ্দিক লড়ছিলেন। এ ছাড়া সভাপতি পদে ইউনুস আলী বিশ্বাস এবং সাধারণ সম্পাদক পদে বলাই চন্দ্র দেবসহ আরও কয়েকজন স্বতন্ত্র প্রার্থী এই নির্বাচনে অনির্বাচিত থেকেছেন।
নির্বাচন নিয়ে বিএনপি সমর্থিত নীল প্যানেলের বিরুদ্ধে ভোট কারচুপি ও জালিয়াতির অভিযোগ তুলেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সমর্থিত ন্যাশনাল লইয়ার্স অ্যালায়েন্স। তবে প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট আলহাজ মো. বোরহান উদ্দিন এই অভিযোগের ভিত্তি নেই বলে দাবি করেছেন। তিনি বলেন, যারা নির্বাচনে হারবে বলে মনে করে, তারাই এ ধরনের অপপ্রচার চালাচ্ছে।২৯ ও ৩০ এপ্রিল অনুষ্ঠিত এই নির্বাচনে মোট ২০ হাজার ৭৮৫ জন ভোটারের মধ্যে ৭ হাজার ৬৯ জন আইনজীবী তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেন।
সেই হিসাবে ভোট পড়ার হার ছিল ৩৪ শতাংশ এবং ৬৬ শতাংশ আইনজীবী ভোট দেননি। এবারের নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত সাদা প্যানেল অংশ নেয়নি।২০২৪ সালের ৫ আগস্ট পটপরিবর্তনের পর ঢাকা আইনজীবী সমিতির নির্বাচিতরা আদালতে আসা বন্ধ করে দিলে সমিতির কার্যক্রমে অচলাবস্থা তৈরি হয়। এই পরিস্থিতিতে গত বছরের ১৩ আগস্ট বিএনপি ও জামায়াতপন্থী আইনজীবীরা একটি অ্যাডহক কমিটি গঠন করেন, যারা এতদিন দায়িত্ব পালন করে আসছিলেন।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন