শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬,

রামিসা হত্যা মামলা: আজই ঘোষণা হতে পারে রায়ের তারিখ

দিনাজপুর টিভি ডেস্ক

জুন ৪, ২০২৬, ০৯:৪০ এএম

রামিসা হত্যা মামলা: আজই ঘোষণা হতে পারে রায়ের তারিখ

আজ বৃহস্পতিবার ঢাকার শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে আলোচিত রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক উপস্থাপন শেষ হচ্ছে। এরপরই রায়ের চূড়ান্ত তারিখ ঘোষণা করতে পারেন আদালত।রাষ্ট্রপক্ষ প্রধান আসামিদের সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড চাইবে।

গতকাল বুধবার আত্মপক্ষ সমর্থনের শুনানিতে প্রধান অভিযুক্ত সোহেল রানা প্রথমে দায় এড়ানোর চেষ্টা করে। কাঠগড়ায় দাঁড়িয়ে সে ঘটনার জন্য ডলার নামের আরেক ব্যক্তির ওপর দোষ চাপায়। পরে অপরাধ স্বীকার করে সন্তানের দোহাই দিয়ে ক্ষমা প্রার্থনা করে সে।

তার স্ত্রী স্বপ্না বেগম আদালতে নিজেকে নির্দোষ দাবি করে কান্নাকাটি করে। রাষ্ট্রপক্ষের আইনজীবীদের মতে, এটি বিচার প্রক্রিয়া বিলম্বিত করার অপকৌশল মাত্র।আসামিপক্ষ নিজেদের নির্দোষ প্রমাণে নতুন কোনো সাফাই সাক্ষী হাজির করবে না বলে জানিয়েছে।

এর আগে গত মঙ্গলবার মাত্র এক দিনেই রামিসার পরিবার ও তদন্ত কর্মকর্তাসহ মোট ১৬ জনের সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয়। পুলিশের দাখিল করা অভিযোগপত্র আমলে নিয়ে গত ১ জুন দুই আসামির বিরুদ্ধে ধর্ষণ, হত্যা ও মরদেহ গোপনের অভিযোগে বিচার শুরু করেন আদালত।

গত ১৯ মে সকালে পপুলার মডেল হাইস্কুলের দ্বিতীয় শ্রেণির ছাত্রী রামিসাকে কৌশলে নিজেদের ঘরে ডেকে নেয় স্বপ্না। পরে সোহেলের ঘরের মেঝে থেকে শিশুটির মস্তকবিহীন দেহ এবং বাথরুমের বালতি থেকে মাথা উদ্ধার করে পুলিশ।