বুধবার, ২১ অক্টোবর, ২০২৬,

শিশু ধর্ষণ ও হত্যা মামলা যুক্তিতর্ক শেষে রায়ের তারিখ ৭ জুন

দিনাজপুর টিভি ডেস্ক

জুন ৪, ২০২৬, ০১:৪৬ পিএম

শিশু ধর্ষণ ও হত্যা মামলা যুক্তিতর্ক শেষে রায়ের তারিখ ৭ জুন

রাজধানীর পল্লবীতে আট বছরের শিশুকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার আলোচিত মামলায় যুক্তিতর্কের শুনানি শেষ হয়েছে। আজ বৃহস্পতিবার ঢাকার শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীন এই মামলার রায় ঘোষণার জন্য আগামী ৭ জুন দিন ধার্য করেছেন।দুপুর দেড়টার দিকে উভয় পক্ষের যুক্তিতর্ক শেষে আদালত এই আদেশ দেন।

গত ১৯ মে পল্লবীর একটি বাসা থেকে শিশুটির খণ্ডিত লাশ উদ্ধার করে পুলিশ। ঘটনার পরপরই প্রধান আসামি সোহেল রানা পালিয়ে গেলেও পরে নারায়ণগঞ্জ থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এর আগে বাসা থেকেই তার স্ত্রীকে আটক করেছিল পুলিশ। গত ১ জুন এই মামলার অভিযোগ গঠন করে বিচার শুরুর নির্দেশ দিয়েছিলেন ট্রাইব্যুনাল।

মামলার বিচারিক কার্যক্রম দ্রুত সম্পন্ন হয়েছে।গত ২০ মে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়ে সোহেল রানা নিজের অপরাধের কথা জানিয়েছিল। 

তবে পরবর্তী শুনানিতে সে ডলার নামে কাল্পনিক এক ব্যক্তির সম্পৃক্ততার কথা বলে দায় এড়ানোর চেষ্টা করে। তার স্ত্রী স্বপ্না অসুস্থ থাকায় আজ তাকে হাসপাতাল থেকে আদালতে আনা হয়। শিশুটির বাবা পল্লবী থানায় দায়ের করা এই মামলায় গত দুই দিনে ১০ জন সাক্ষী আদালতে তাঁদের জবানবন্দি দিয়েছেন।আগামী ৭ জুন রায়ের মাধ্যমে বহুল আলোচিত এই নৃশংস হত্যাকাণ্ডের চূড়ান্ত আইনি ফয়সালা হতে যাচ্ছে।