জুন ৭, ২০২৬, ০৯:৫৫ এএম
রাজধানীর পল্লবীতে আট বছর বয়সী শিশু রামিসা আক্তারকে ধর্ষণ ও হত্যার ঘটনায় দায়ের করা মামলার রায় আজ রোববার (৭ জুন) ঘোষণা করা হবে। ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীন এই রায় ঘোষণা করবেন। আলোচিত এই মামলার বিচারিক কার্যক্রম মাত্র ১৭ দিনের মধ্যে সম্পন্ন হওয়ায় রায়ের অপেক্ষায় রয়েছে পুরো দেশ।
গত ১৯ মে পল্লবীর একটি বাসা থেকে শিশুটির খণ্ডিত মরদেহ উদ্ধারের ঘটনায় দেশজুড়ে তীব্র ক্ষোভ ও প্রতিবাদের সৃষ্টি হয়।ঘটনার পরের দিন শিশুটির বাবা আব্দুল হান্নান মোল্লা পল্লবী থানায় মামলা দায়ের করলে পুলিশ দ্রুত তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র জমা দেয়।
গত ১ জুন দুই আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন হয় এবং পরবর্তীতে ১৬ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয়। রাষ্ট্রপক্ষের দাবি, সাক্ষ্য-প্রমাণ ও ফরেনসিক প্রতিবেদনে সোহেল রানা ও স্বপ্না আক্তারের বিরুদ্ধে আনা অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে। তারা আসামিদের জন্য সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দাবি করেছেন।
অন্যদিকে আসামিপক্ষের আইনজীবী সোহেল রানা ও স্বপ্না আক্তারের খালাস প্রার্থনা করেছেন।রায় ঘোষণাকে কেন্দ্র করে নিরাপত্তার স্বার্থে সকাল থেকেই আদালত প্রাঙ্গণে কড়া সতর্কতা জারি করা হয়েছে। প্রধান অভিযুক্ত সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারকে আদালতে হাজির করা হয়েছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন