শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬,

১১টায় রায় ঘোষণা, রামিসাকে ন্যায়বিচার পাওয়াতে উন্মুখ পুরো জাতি

দিনাজপুর টিভি ডেস্ক

জুন ৭, ২০২৬, ১০:১৬ এএম

১১টায় রায় ঘোষণা, রামিসাকে ন্যায়বিচার পাওয়াতে উন্মুখ পুরো জাতি

মিরপুরের পল্লবীতে শিশু রামিসা আক্তারকে ধর্ষণ ও হত্যার ঘটনায় দায়ের করা মামলার রায় আজ রোববার (৭ জুন) বেলা ১১টায় ঘোষণার কথা রয়েছে। পুরো দেশ এই রায়ের দিকে তাকিয়ে আছে।আদালত প্রাঙ্গণে নিরাপত্তা জোরদার করা হয়েছে। সকালে প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারকে আদালতে হাজির করা হয়। সকাল ৮টা ৫০ মিনিটে প্রিজনভ্যানে করে আনা হয় সোহেল রানাকে। তার স্ত্রী স্বপ্নাকে আনা হয় ৮টা ৩০ মিনিটের দিকে। বর্তমানে দুজনই হাজতখানায় রয়েছেন।

রায় দেবেন ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেহীন। মাত্র চার কার্যদিবসে শেষ হয়েছে এই বিচারকাজ। গত ৪ জুন যুক্তিতর্ক শেষ করে রায়ের দিন ঠিক করেন আদালত।

গত ১ জুন সোহেল ও তার স্ত্রী স্বপ্নার বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। ২ জুন শুরু হওয়া সাক্ষ্যগ্রহণে ১৮ জনের মধ্যে ১৬ জনের সাক্ষ্য গ্রহণ শেষ করেন আদালত। ৩ জুন আত্মপক্ষ সমর্থন শুনানিতে নিজেদের নির্দোষ দাবি করেছিলেন আসামিরা।

ঘটনাটি ঘটে গত ১৯ মে। স্কুলছাত্রী রামিসাকে কৌশলে বাসায় ডেকে নেন স্বপ্না। পরে রামিসার বাবা-মা এবং স্থানীয়রা দরজা ভেঙে শয়নকক্ষের মেঝে থেকে রামিসার মস্তকবিহীন দেহ এবং একটি বড় বালতিতে মাথা উদ্ধার করেন।

ঘটনার পরদিন ২০ মে পল্লবী থানায় মামলা করেন নিহতের বাবা। জরুরি সেবা ৯৯৯-এ কল পেয়ে পুলিশ স্বপ্নাকে আটক করে। তথ্যপ্রযুক্তির সহায়তায় পরে নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার করা হয় সোহেল রানাকে। আজ কি রায় হয়—তা দেখার অপেক্ষায় পরিবার ও দেশবাসী।