শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬,

রায় শুনতে আদালতে রামিসার বাবা

দিনাজপুর টিভি ডেস্ক

জুন ৭, ২০২৬, ১০:৫৬ এএম

রায় শুনতে আদালতে রামিসার বাবা

রাজধানীর মিরপুরের পল্লবীতে শিশু রামিসা আক্তারকে ধর্ষণ ও হত্যার ঘটনায় দায়ের করা মামলার রায় ঘোষণার অপেক্ষায় পুরো দেশ। আজ রোববার (৭ জুন) বেলা ১১টায় ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীনের আদালতে এই রায় ঘোষণা করা হবে।

রায় শুনতে সকালে আদালতে উপস্থিত হয়েছেন নিহত শিশু রামিসার বাবা আব্দুল হান্নান মোল্লা। তার সঙ্গে পরিবারের কয়েকজন সদস্যও এসেছেন। নিরাপত্তার স্বার্থে সকাল থেকে আদালত প্রাঙ্গণে কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে।

আদালত প্রাঙ্গণে উপস্থিত হয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী আজিজুর রহমান দুলু এবং আসামিপক্ষের আইনজীবী মুসা কালিমুল্যাহ। আলোচিত এই মামলার প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারকে কারাগার থেকে আদালতে আনা হয়েছে। তারা বর্তমানে হাজতখানায় রয়েছেন।

মাত্র চার কার্যদিবসে শেষ হয়েছে এই মামলার বিচারকাজ। গত ৪ জুন যুক্তিতর্ক শেষে আজ রায়ের দিন ধার্য করেন আদালত। গত ১ জুন অভিযোগ গঠনের মধ্য দিয়ে বিচার শুরু হয় এবং ২ জুন থেকে সাক্ষ্যগ্রহণ চলে। ১৮ সাক্ষীর মধ্যে ১৬ জনের সাক্ষ্যগ্রহণ শেষে আসামিরা নিজেদের নির্দোষ দাবি করেছিলেন।

গত ১৯ মে পল্লবীর পপুলার মডেল হাই স্কুলের দ্বিতীয় শ্রেণির ছাত্রী রামিসাকে কৌশলে ডেকে নেন আসামি স্বপ্না। পরে রামিসার বাবা-মা এবং স্থানীয়রা দরজা ভেঙে শয়নকক্ষ থেকে মস্তকবিহীন দেহ এবং বালতিতে কাটা মাথা উদ্ধার করেন। ২০ মে পল্লবী থানায় মামলা দায়ের করেন ভুক্তভোগীর বাবা। জরুরি সেবা নয়-নয়-নয় নম্বরের তথ্যে পুলিশ স্বপ্নাকে এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় ফতুল্লা থেকে সোহেল রানাকে গ্রেপ্তার করে। আজ বেলা ১১টায় এই মামলার চূড়ান্ত রায় ঘোষণা করা হবে।