জুন ৭, ২০২৬, ১১:১২ এএম
রাজধানীর পল্লবীতে শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর হত্যার ঘটনায় দায়ের করা মামলার রায় আজ রোববার (৭ জুন) বেলা ১১টায় ঘোষণা করা হবে। ঘটনার মাত্র ২০ দিনের মাথায় এই মামলার রায় ঘোষণা করা হচ্ছে, যা বিচার বিভাগে এক অনন্য দৃষ্টান্ত। ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীনের আদালত এই রায় ঘোষণা করবেন।
তদন্ত শুরু থেকে রায় ঘোষণা পর্যন্ত পুরো বিচারপ্রক্রিয়াটি সম্পন্ন হয়েছে অত্যন্ত দ্রুততার সঙ্গে। ১৯ মে ঘটনার পর ২৪ মে প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্নার বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেয় পুলিশ। এরপর ১ জুন অভিযোগ গঠন এবং ২ জুন সাক্ষ্যগ্রহণ শুরু হয়। মাত্র চার কার্যদিবসে মামলার সব সাক্ষ্যগ্রহণ ও যুক্তিতর্ক শেষে আজ রায় ঘোষণার দিন ধার্য ছিল।
১৯ মে পল্লবীর পপুলার মডেল হাই স্কুলের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী রামিসা নিখোঁজ হয়। পরে প্রতিবেশী সোহেল রানার ফ্ল্যাটের দরজা ভেঙে রামিসার মস্তকবিহীন দেহ এবং বাথরুমের বালতি থেকে বিচ্ছিন্ন মাথা উদ্ধার করা হয়।
প্রাথমিক তদন্তে উঠে আসে, ফুঁসলিয়ে ঘরে নিয়ে রামিসাকে ধর্ষণ ও হত্যার পর আলামত নষ্ট করতে মরদেহ খণ্ড-বিখণ্ড করে আসামি।ঘটনার পর ২০ মে রামিসার বাবা আব্দুল হান্নান মোল্লা পল্লবী থানায় মামলা করেন। আসামি সোহেল রানা আদালতে নিজের দোষ স্বীকার করে জবানবন্দি দিয়েছেন। ২৪ মে মামলার তদন্ত কর্মকর্তা ও পল্লবী থানার উপ-পরিদর্শক ওহিদুজ্জামান অভিযোগপত্র জমা দেন।
আজ সকাল থেকেই আদালত প্রাঙ্গণে নিরাপত্তা জোরদার করা হয়েছে। কাশিমপুর ও ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্নাকে আদালতে হাজির করা হয়েছে। আদালত চত্বরে উৎসুক মানুষ ও আইনজীবীদের ব্যাপক ভিড় লক্ষ্য করা গেছে। মামলার দ্রুত বিচার ও আজকের রায়ের দিকে তাকিয়ে আছে পরিবারসহ পুরো দেশ। ঘটনার ভয়াবহতা ও দ্রুত বিচারপ্রক্রিয়ার কারণে এই মামলার রায়কে অত্যন্ত সংবেদনশীল হিসেবে দেখছে সংশ্লিষ্টরা।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন