শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬,

শিশু রামিসা ধর্ষণ-হত্যা মামলার রায় পড়া শুরু

দিনাজপুর টিভি ডেস্ক

জুন ৭, ২০২৬, ১১:১৫ এএম

শিশু রামিসা ধর্ষণ-হত্যা মামলার রায় পড়া শুরু

রাজধানীর পল্লবীতে শিশু রামিসা আক্তার ধর্ষণ ও হত্যা মামলার রায় পড়া শুরু হয়েছে। আজ রোববার বেলা ১১টার কিছু পরে ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীনের আদালত এই রায় ঘোষণা শুরু করেন।পুরো আদালত এলাকা ঘিরে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

আদালত প্রাঙ্গণে মামলার প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারকে কারাগার থেকে আনা হয়েছে। সকালে তাদের আদালতে হাজির করা হয়। রায় ঘোষণার সময় তারা কাঠগড়ায় উপস্থিত আছেন। 

মামলার প্রসিকিউশন পক্ষের আইনজীবী আজিজুর রহমান দুলু এবং রাষ্ট্র নিযুক্ত আইনজীবী মুসা কালিমুল্যাহসহ সংশ্লিষ্টরা আদালতে উপস্থিত রয়েছেন। এছাড়া আদালত প্রাঙ্গণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরাও তৎপর রয়েছেন।

ঘটনাটি গত ১৯ মে সকালের। পপুলার মডেল হাই স্কুলের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী রামিসা নিখোঁজ হয়। পরে প্রতিবেশী সোহেল রানার ফ্ল্যাটের দরজা ভেঙে তার মস্তকবিহীন দেহ এবং বাথরুমের বালতির ভেতর বিচ্ছিন্ন মাথা উদ্ধার করা হয়। প্রাথমিক তদন্তে উঠে আসে, ফুঁসলিয়ে ঘরে নিয়ে রামিসাকে ধর্ষণ ও হত্যার পর আলামত নষ্ট করতে মরদেহ খণ্ড-বিখণ্ড করা হয়। ওই ঘটনায় ২০ মে রামিসার বাবা পল্লবী থানায় মামলা করেন।

মাত্র ২০ দিনের মাথায় এই মামলার রায় ঘোষণা হচ্ছে, যা বিচার বিভাগে দ্রুততার এক অনন্য নজির। গত ২৪ মে অভিযোগপত্র জমা দেওয়া হয়। ১ জুন অভিযোগ গঠন এবং ২ জুন সাক্ষ্যগ্রহণ শুরু হয়। মাত্র চার কার্যদিবসে মামলার সব সাক্ষ্যগ্রহণ ও যুক্তিতর্ক শেষে আজ রায় ঘোষণার দিন ধার্য ছিল। ১৮ জন সাক্ষীর মধ্যে ১৬ জনের সাক্ষ্য নেওয়ার পর আসামি সোহেল রানা আদালতে নিজের দোষ স্বীকার করে ক্ষমা প্রার্থনা করেন, তবে তার স্ত্রী স্বপ্না নিজেকে নির্দোষ দাবি করেন। এখন চূড়ান্ত রায়ের অপেক্ষায় পরিবার ও দেশবাসী।