অক্টোবর ১২, ২০২৫, ০৬:৫৪ পিএম
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম এক চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছেন। তিনি বলেছেন, ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের সময় তৎকালীন সরকারের ‘গ্যাং অব ফোর’—ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামাল, সালমান এফ রহমান এবং আনিসুল হক—তৎকালীন আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলককে নির্দেশ দিয়েছিল, সরকারের কথা না শুনলে দেশের সকল বেসরকারি টিভি চ্যানেল বন্ধ করে দিতে।
রোববার (১২ অক্টোবর) সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় রাষ্ট্রপক্ষের যুক্তিতর্ক উপস্থাপনকালে ট্রাইব্যুনালে তিনি এই তথ্য তুলে ধরেন।চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন, “প্রতিদিন সন্ধ্যায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বাসায় কোর কমিটির মিটিং হতো। সেখান থেকেই জুনায়েদ আহমেদ পলককে ইন্টারনেট বন্ধের সরাসরি নির্দেশ দেওয়া হয়।
এছাড়াও ‘গ্যাং অব ফোর’ পলককে নির্দেশ দেয়, আন্দোলনে টিভি চ্যানেলগুলো যদি সরকারের কথামতো না চলে, তবে যেন সেগুলো বন্ধ করে দেওয়া হয়।”তিনি অভিযোগ করেন, “এই অপরাধীরা চায় না যে, যুক্তিতর্কে তথ্যপ্রমাণসহ তাদের নিষ্ঠুরতার বর্ণনা দুনিয়াবাসী জানতে পারুক। তাই বিচার প্রক্রিয়ার স্বচ্ছতা ঠেকাতে তারা আজও তৎপর।”
এর আগে, আজ সকালেই শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের এই মামলার চূড়ান্ত পর্যায়ের যুক্তিতর্ক উপস্থাপন শুরু হয়, যা টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হচ্ছে। সম্প্রচার চলাকালীন সময়েই প্রসিকিউশনের ফেসবুক পেজে সাইবার হামলা চালানো হয় বলে জানান চিফ প্রসিকিউটর।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন